পূর্বাশা ডেস্ক: নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মাহবুব হাসান (৪৫) নামে ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছেন।
আজ শনিবার দিনগত রাতে নওগাঁ-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাহবুব জেলার মহাদেবপুর উপজেলার খঞ্জনপুর গ্রামের বাসিন্দা। তিনি জয়পুরহাট ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন।
নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এ কে এম মোরশেদ জানান, কয়েকদিন আগে ছুটিতে বাড়িতে যান মাহবুব। রাতে নওগাঁ সদর ফায়ার সার্ভিসের সহ-কর্মীদের সঙ্গে দেখা করে নওগাঁ-বগুড়া মহাসড়ক পার হচ্ছিলেন তিনি। এসময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ ফায়ার সার্ভিস স্টেশনে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নওগাঁর সহ-কর্মীরা। পরে সেখানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর ১টার দিকে তার গ্রামের বাড়ি মহাদেবপুরে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।























































