মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » রোজা রেখে ম্যাচ খেলায় নবি-রশিদদের নিয়ে বিস্মিত ধাওয়ান


রোজা রেখে ম্যাচ খেলায় নবি-রশিদদের নিয়ে বিস্মিত ধাওয়ান


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

সারা বিশ্বে একযোগে পালিত হচ্ছে পবিত্র মাহে রমজান। সর্বশক্তিমান আল্লাহর সন্তুষ্টি কামনায় অন্যান্য মুসলমানের মতো রোজা রাখছেন আইপিএলে খেলা মুসলিম ক্রিকেটারেরা। দিনে রোজা রেখে রাতে ম্যাচ খেলে প্রশংসায় ভাসছেন আফগানিস্তানের দুই তারকা রশিদ খান ও মোহাম্মদ নবী।

এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন রশিদ ও নবী। চলমান দ্বাদশ টুর্নামেন্টের এলিমিনেটর ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ইফতারি করে খেলেন তারা। তীব্র গরমের মধ্যে সারাদিন রোজা রাখার পর মাঠে নামলেও তাদের পারফরম্যান্সে কোনো প্রভাব পড়েনি।

এতে রীতিমতো বিস্মিত দিল্লির ওপেনার শিখর ধাওয়ান। এক টুইটবার্তায় সবাইকে রমজানের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আলাদাভাবে নবী-রশিদের প্রশংসা করেছেন তিনি।

ভারতীয় ওপেনার লেখেন, ‘সবাইকে রামাদান কারিমের শুভেচ্ছা। তাই তাদের নিয়ে গর্বিত। গোটা দিন রোজা রাখার পর রাতে ম্যাচ খেলা সহজ নয়। কিন্তু তারা অনায়াসেই সেটি করে দেখিয়েছে। তাদের দেশ ও বিশ্ব ক্রিকেটের জন্য এটা দারুণ অনুপ্রেরণার বিষয়।’

মহান আল্লাহর রহমত কামনা করে ধাওয়ান আরো লেখেন, ‘তোমাদের উদ্যম সবাইকে বড় স্বপ্ন দেখতে প্রেরণা দেয়। আল্লাহর রহমত যেন সবসময় তোমাদের সঙ্গে থাকে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি