মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » দু’বছর পর এই ম্যালাহাইডেই পেলেন ম্যাচ সেরা পুরস্কার


দু’বছর পর এই ম্যালাহাইডেই পেলেন ম্যাচ সেরা পুরস্কার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

গতকাল ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং করে তুলে নিয়েছে ৪ উইকেট। বাংলাদেশও জয় পেয়েছে ৫ উইকেটে। তার এই দুর্দান্ত বোলিংয়ে পেয়েছেন ম্যাচ সেরা পুরস্কার। যে মুস্তাফিজকে গত কয়েক ম্যাচ থেকে খুঁজেই পাওয়া যাচ্ছিলো না তিনিই এদিন জ্বলে উঠে আগের রূপে ফিরে আসলেন।

সর্বশেষ ম্যান অব দ্য ম্যাচের পুস্কারটিও পেলেন এই মাঠেই যদিও সেটি মনে করতে ভুল করেননি কাটার মাস্টার। এমনিতে নিজের ক্যারিয়ার, পরিসংখ্যান নিয়ে খুব একটা আগ্রহ নেই তার। ততটা মনে থাকে না। তবে এটি মনে করতে পারলেন একদম ঠিকঠাক। ডাবলিনের মালাহাইডে সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ সেরা হওয়ার আগে শেষবার হয়েছিলেন এই মাঠেই।

সেটি ছিল ২০১৭ সালের মে মাস। ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই টুর্নামেন্টেই মালাহাইডে আইরিশেদর বিপক্ষে ২৩ রানে ৪ উইকেট নিয়ে মুস্তাফিজ পেয়েছিলেন ম্যাচ সেরার পুরস্কার। আরেকবার সেই স্বাদ পেতে আবার ফিরতে হলো আয়ারল্যান্ডেই। এবার ক্যারিবিয়ানদের বিপক্ষে ৪ উইকেট ৪৩ রানে।

এমন নয় যে মাঝের সময়টায় সাফল্য পাননি। বরং সেই ম্যাচের পর থেকে এই ম্যাচের আগ পর্যন্ত বাংলোদেশের সর্বোচ্চ উইকেট শিকারি তিনিই। ৪১ উইকেট নিয়েছেন ২৮ ম্যাচে। তবে ম্যান অব দা ম্যাচ হতে পারেননি। গত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো পারফরম্যান্সে ৪ উইকেট নিয়েছিলেন, কিন্তু দারুণ ইনিংসে সেদিনের সেরা ছিলেন মুশফিকুর রহিম।

এবার সেই খরা কাটল। তাতে তিনি বেশ খুশি। পরেরটার জন্য আর এত সময় অপেক্ষা করতে চান না। মুস্তফিজ বলেন, ‘ভালো লাগছে, অনেক দিন পর পেলাম (ম্যান অব দা ম্যাচ)। প্রথম উইকেট পাওয়ার পর আত্মবিশ্বাস পেয়ে গিয়েছিলাম। আর স্লগ ওভারে তো বল করতে করতে অভ্যস্ত হয়ে গেছি এখন। পরেরটা (ম্যান অব দা ম্যাচ) এত দেরিতে না পেলেই হয়!’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি