ডেস্ক রিপোর্ট : এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরও বলেছেন, ঈদকে সামনে রেখে এবারকার প্রস্তুতি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো। ওবায়দুল কাদের চিকিৎসা শেষে দেশে ফেরার পর প্রথমবারের মতো রবিবার সচিবালয়ে নিজ দফতরে অফিস করছেন।
সকাল ১০টার কিছু সময় পর তিনি সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কার্যালয়ে আসেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার আড়াই মাস পর অফিস করলেন তিনি। মন্ত্রণালয়ে আসার পর জরুরি ফাইলে সই করেন সেতুমন্ত্রী। পরে বেলা ১১টার দিকে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
তিনি বলেন, আল্লাহর রহমতে ও দেশবাসীর দোয়ায় আমি বেঁচে আছি। আমার বেঁচে থাকা নিয়ে সংশয়ে ছিলেন অনেকেই।
চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকন্যা মাতৃস্নেহে আমার চিকিৎসার ব্যবস্থা করিয়েছেন, সার্বিক খোঁজখবর নিয়েছেন। আমি তার প্রতি কৃতজ্ঞ।
তিনি বলেন, মৃত্যুর কাছ থেকে ফিরে আসায় এবার দ্বিতীয় ইনিংস খেলবো , যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফেরানোসহ বড় বড় প্রকল্পগুলো যথাসময়ে বাস্তবায়ন করাই বড় চ্যালেঞ্জ হিসেবে নেয়া হবে।
ইতোমধ্যে ঢাকা- টাঙ্গাইল, কাচপুরসহ বিভিন্ন রাস্তায় উন্নয়নমূলক কাজ হওয়ায় এবার ঈদে ঘরমূখী যাত্রীদের দুর্ভোগ ভোগান্তি কমে যাবে। ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।























































