বুধবার,২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


অধিনায়কত্ব হারালেন নেইমার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

নেইমারকে কি একটি বার্তা দেওয়া হলো! তাঁর আচরণগত সমস্যা নিয়ে তিতে কথা বলতে চেয়েছিলেন। আলোচনার ফল কী হলো, জানা যায়নি। তবে ব্রাজিল দলের অধিনায়কত্ব হারিয়েছেন নেইমার। কালই তিতের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। আগামী দুটি প্রীতি ম্যাচ এবং কোপা আমেরিকার জন্য নতুন অধিনায়ক করা হয়েছে দানি আলভেসকে।

ফ্রেঞ্চ কাপের ফাইনালে হারের পর এক দর্শককে মেরে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন নেইমার। এর আগে উয়েফা তাঁকে সমান ম্যাচ নিষিদ্ধ করেছে।

চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে পেনাল্টি বিতর্কে রেফারিকে গালাগাল করে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন তিনি। তিতে তাঁর এই খেলার বাইরের আচরণ নিয়েই চিন্তায় ছিলেন, ‘নেইমার ভুল করেছে। তাঁর সঙ্গে কোচ হিসেবে আমার কথা বলা উচিত। মাঠ ও মাঠের বাইরে আচরণটাও গুরুত্বপূর্ণ।’

তবে তিতে অবশেষে অধিনায়কত্ব থেকেই সরিয়ে দিলেন তাঁকে। বিশ্বকাপের পর নেইমারকে পাকাপাকিভাবে অধিনায়ক করা হয়েছিল। কোপায়ও তাঁর কাছেই আর্মব্যান্ড থাকার কথা। এখন যেটি পরবেন আলভেস।

নেইমারের পিএসজি সতীর্থ এর আগেও চার ম্যাচে অধিনায়কত্ব করেছেন। সর্বশেষ ২০১৮ সালে জার্মানির বিপক্ষে ১-০ গোলের জয়ে অধিনায়ক ছিলেন ৩৬ বছর বয়সী আলভেস।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি