ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশের বোলিং ইউনিটের মূল শক্তি দুই পেসার মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। বিশ্বকাপে বল হাতে যা একটু লড়ছেন-এ দুজনই। তাদের সমর্থন দিতে টাইগার দলে আরও দুই-একজন সে রকম প্রতিভাবান পেসার দরকার বলে মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার ইয়ান বিশপ। এ জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ভারতের মডেল অনুসরণ করার পরামর্শ দিয়েছেন তিনি।
জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, হার্দিক পান্ডিয়াদের নিয়ে গড়া টিম ইন্ডিয়ার বোলিং লাইনআপ দারুণ শক্তিশালী। পাইপলাইনে এ রকম আরও বোলার রয়েছে। অথচ অতীতে দুই-একজন বাদে ভারতীয় দলে সে রকম কোনো কার্যকরী পেসার ছিল না।
কোনো পরিকল্পনা বা মডেল অনুসরণ করে ভারত এত প্রতিভাবান পেসার বানাচ্ছে কিংবা খুঁজে বের করছে, মূলত সেটিই বাংলাদেশকে অনুসরণের কথা বলেছেন বিশপ। এক প্রকার বিসিবিকে মেন ইন ব্লুদের পথ অনুসরণ করার উপদেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে প্রথমে ব্যাটিং করে ৩৮২ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। বাংলাদেশ পেসাররা আঁটসাঁট বোলিং করতে পারলে নিশ্চিতভাবে রানটা কম হতো। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের লাগাম শক্ত করে ধরেন টাইগাররা। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৩ রান তোলেন তারা, যা ওয়ানডে ক্রিকেট ইতিহাসে লাল-সবুজ জার্সিধারীদের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড।
দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান মুশফিকুর রহিম। ফিফটি তুলে নেন তামিম-মাহমুদউল্লাহ। রান পান সাকিবও। স্বাভাবিকভাবেই অসিদের বিপক্ষে টাইগারদের দুর্দান্ত পারফরম্যান্সে বিমুগ্ধ বিশপ। তবে লাল-সবুজ জার্সিধারীদের বোলিং ডিপার্টমেন্টে কিছু ঘাটতি টের পেয়েছেন তিনি।
ক্যারিবীয় কিংবদন্তি বলেন, আমি গেল কয়েক বছর ধরে বাংলাদেশের লড়াই খুব উপভোগ করছি। যদি তারা ফিজ (মোস্তাফিজ) এবং সাইফউদ্দিনকে সাহায্য করার মতো নতুন কয়েকজন প্রতিভাবান বোলার খুঁজে বের কিংবা তৈরি করতে পারে, তা হলে দলটি অসাধারণ হবে। এমনটা করার মডেলটা কি, যেটা ভারত পেয়েছে?
বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি বোলারের তালিকায় সেরা দশে রয়েছেন বাংলাদেশের দুইজন। চার ম্যাচ খেলে নয় উইকেট নিয়ে অষ্টম স্থানে আছেন সাইফউদ্দিন। পাঁচ ম্যাচ খেলে আট উইকেট নিয়ে দশম অবস্থানে কাটার মাস্টার মোস্তাফিজ। এই দুজনের মতো আরও কয়েকজন বোলার পেলে ভিন্ন চিত্র দাঁড়াবে টিম টাইগারদের। বিশ্ব ক্রিকেট শাসন করার সামর্থ্য অর্জিত হবে তাদের- এমনটি বিশ্বাস বিশপের।

























































