বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘আমার সোনা-মানিক দুইটা কই গেল’ ‘আল্লাগো,


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :

‘আল্লাগো, আমারে কিসের শাস্তি দিলা? আমার সোনা-মানিক দুইটা কই গেল? আমি কী নিয়া বাঁচুম?’ গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দুই সন্তানের লাশ নিয়ে এভাবেই বুক চাপড়ে আহাজারি করছিলেন কেরানীগঞ্জের ব্যবসায়ী বাবুল ফরাজী। গতকাল বুড়িগঙ্গা নদীতে ডুবে মারা গেছে বাবুলের দুই সন্তান মিশকাত (১২) ও নুসরাত (৫)। বরিশালের গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরে নৌকায় নদী পার হওয়ার সময় ডুবে যায় তারা। মাঝনদীতে একটি লঞ্চ তাদের নৌকাটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এর প্রায় পাঁচ ঘণ্টা পর নদী থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করেন ডুবুরিরা।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন সমকালকে জানান, গতকাল সকাল ৭টার দিকে বুড়িগঙ্গা নদীতে একটি নৌকাডুবির খবর পেয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তর ও সদরঘাট স্টেশন থেকে চারজন ডুবুরি সেখানে যান। দুপুর ১২টা ৪০ মিনিটে তারা এক শিশুর মরদেহ উদ্ধার করেন। এর আগে আরেক শিশুর লাশ উদ্ধার করেন অন্যান্য সংস্থার উদ্ধারকর্মীরা।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বজনদের জানানো যায়, কেরানীগঞ্জে সপরিবারে বসবাস করেন বাবুল ফরাজী। কিছুদিন আগে তিন সন্তান মিশকাত, নুসরাত ও এক বছর বয়সী নুসাইবাকে নিয়ে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গ্রামের বাড়িতে বেড়াতে যান বাবুলের স্ত্রী জ্যোৎস্না বেগম। বৃহস্পতিবার রাতের লঞ্চে তারা ঢাকায় ফেরেন। সকালে সদরঘাটে পৌঁছার পর কেরানীগঞ্জে যাওয়ার উদ্দেশে লঞ্চঘাটের পাশ থেকে নৌকায় ওঠেন। এমভি পূবালী-৫ নামে একটি লঞ্চ নৌকাটিকে ধাক্কা দিলে সবাই ডুবে যান।

ঘটনার সময় ওই নৌকায় ছিলেন বাবুলের শ্যালক শামীম হাওলাদার। তিনি জানান, নৌকা ডুবে যাওয়ার পর নিজেকে তিনি লঞ্চের নিচে আবিস্কার করেন। এ সময় নুসাইবা তার কোলে ছিল। শিশুটিকে আঁকড়ে ধরে প্রাণপণে সাঁতার কেটে তীরের দিকে চলে আসেন শামীম। এ সময় জ্যোৎস্নাকেও সাঁতার কেটে এগোতে দেখেন তিনি। মিশকাত ও নুসরাতকে আশপাশে দেখতে পাননি তখন। তীরে পৌঁছে নুসাইবাকে রেখে ফের দুই শিশুকে খুঁজতে নামেন শামীম। এ সময় তার ও জ্যোৎস্নার কান্নাকাটি শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। দুঃসংবাদ পেয়ে ছুটে আসেন দুই শিশুর বাবা বাবুল ফরাজী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরাও সেখানে যান। নৌবাহিনী, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএর কর্মীরাও শিশু দুটিকে উদ্ধারের চেষ্টা চালান। একপর্যায়ে দুপুর ১২টার দিকে প্রথমে মিশকাত ও পরে নুসরাতের লাশ পান তারা।

বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক মোহাম্মদ সেলিম বলেন, নৌকার মাঝির অসাবধানতার কারণে দুর্ঘটনা ঘটে। সদরঘাটে যাত্রী নামিয়ে লঞ্চটি কেরানীগঞ্জের দিকে যাচ্ছিল। তখন লঞ্চের পেছনে ছিল নৌকাটি।

এর আগে মার্চ মাসে বুড়িগঙ্গায় নৌকা ডুবে প্রাণ হারান একই পরিবারের পাঁচ সদস্য। ওই ঘটনার পর সদরঘাট থেকে নৌকা পারাপার বন্ধ করে খেয়াঘাট অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত হয়। তবে সেই উদ্যোগ নানা কারণে বাস্তবায়ন হয়নি। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান এম মাহবুব উল ইসলাম গতকাল বলেছেন, বুড়িগঙ্গার ওপারের ব্যবসায়ীদের কারণে সদরঘাট এলাকা থেকে নৌকা পারাপার বন্ধ করা যাচ্ছে না। তবে শিগগিরই এ ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি