ডেস্ক রিপোর্ট :
ব্যাপক কড়াকড়ির মধ্য দিয়ে গতকাল শুক্রবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা হয়েছে। এ পরীক্ষা ঘিরে বিভিন্ন স্থানে সক্রিয় ছিল প্রতারক চক্র। প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে, ভুয়া প্রশ্ন দিয়ে অর্থ আয়ের চেষ্টাও হয়েছে। বিভিন্ন অপরাধে ২১ জনকে জেলে পাঠানো হয়েছে। তাদের ১১ জনকে সংক্ষিপ্ত বিচারে দণ্ডাদেশ দেয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষা সামনে রেখে সংশ্লিষ্ট জেলা-উপজেলায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করায় প্রতারক চক্রসহ অসাধু ব্যক্তিদের গ্রেফতার সম্ভব হয়েছে। ঝিনাইদহে ৫ জনকে জেলে পাঠানো হয়েছে। অপর চারটি স্থানে আরও অন্তত ৫ জনকে দণ্ড দেয়া হয়েছে। এর মধ্যে কথিত প্রশ্ন সমাধানের সময় ঝালকাঠিতে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন আছেন। আরেকজন চট্টগ্রামের। পঞ্চম ব্যক্তি পরীক্ষা দিতে গিয়ে গ্রেফতার হন।
মাগুরায় উত্তরপত্র লিখে দেয়ায় এক শিক্ষককে এক মাসের বিনাশ্রম দণ্ড দেয়া হয়েছে। এদিকে পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করায় কুড়িগ্রামে ৬ জনকে এক মাসের বিনাশ্রম দণ্ড দেয়া হয়েছে। বগুড়ায় ১০ লাখ টাকার চেকসহ একজন প্রতারককে জেলে পাঠিয়েছে র্যাব। ঝালকাঠিতে তিনজনের বিরুদ্ধে মামলা করে তাদের জেলে পাঠানো হয়েছে। বরিশালে বৃষ্টির কারণে অন্তত দু’শ প্রার্থী পরীক্ষা দিতে পারেননি। নওগাঁয় একেক কেন্দ্রে একেক সময় পরীক্ষা নেয়ায় প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে পড়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন বলেন, আগের দুই ধাপের পরীক্ষার অভিজ্ঞতার আলোকে এবার আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি। দেশের কোথাও প্রশ্ন ফাঁস হয়নি। তবে বিভিন্ন স্থানে কিছু প্রতারক নানাভাবে প্রার্থীদের প্রলুব্ধ করেছে। ওই চক্রের সদস্যসহ বিভ্রান্ত প্রার্থী এবং তাদের পরিবারের সদস্যদের পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। নওগাঁর কয়েকটি কেন্দ্রে বিলম্বে পরীক্ষা শুরু হয়েছে। এ জন্য যান্ত্রিক সীমাবদ্ধতাকে দায়ী করা হয়েছে। তবে পরীক্ষা শান্তিপূর্ণভাবে হয়েছে। চতুর্থ ধাপের পরীক্ষা হবে আগামী ২৮ জুন।























































