মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আম্পায়ার আলিম দারের শিকার বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :

২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ও ভারতের ম্যাচে পাকিস্তানি আম্পায়ার আলিম দারের বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয়েছিল বাংলাদেশ। এবারের বিশ্বকাপেও আফগানিস্তানের বিপক্ষে তার বাজে আম্পায়ারিংয়ের কবলে পড়েছিলেন টাইগার ব্যাটসম্যান লিটন দাস।

নজিরবিহীনভাবে বিতর্কিত সিদ্ধান্ত দিতে থাকা আলিম দার অবশ্য বরাবরই আইসিসির সুদৃষ্টির ভেতরেই থেকে গিয়েছেন। এলিট প্যানেলে থাকা এই পাকিস্তানি আম্পায়ার যথারীতি এবারের বিশ্বকাপেও বহাল তবিয়তেই দায়িত্ব পালন করে চলেছেন।

বিস্ময়কর হলেও সত্যি আলিম দার যেসব ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত নেন, শিকার হিসেবে তার পাত্র বারবার বাংলাদেশ দলই হয়! আবারো এমনটি হওয়ার শঙ্কা জেগেছে। আগামী ২ জুলাই চলতি বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে আবারো আলিম দারকে আম্পায়ারিং করতে দেখা যাবে।

তবে ২০১৫ বিশ্বকাপের মতো ফিল্ড আম্পায়ার হিসেবে নয়, এবার তিনি টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন। ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন শ্রীলঙ্কান আম্পায়ার রুচিরা পালিয়াগুরুগে ও প্রোটিয়া আম্পায়ার মরিস এরাসমাস।

নিজেদের সেরাটা দিতে পারলে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দলের প্রতিপক্ষ তাই এখন আর শুধুমাত্র ভারত থাকলো না। মাঠে না থাকলেও টিভি আম্পায়ারিংয়ের দায়িত্ব পাওয়া আলিম দারও হয়ে উঠতে পারেন আরেক প্রতিপক্ষ, অনেক টাইগার ভক্তের চোখে তো চরম শত্রু।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি