বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঈদের আগেই অস্থায়ী পশুর হাটের সিন্ডিকেট ভাঙছে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৬.২০১৯


ডেস্ক রিপোর্ট :

সিন্ডিকেটের কারণে গেল বছর কোরবানির অস্থায়ী পশুর হাটের দরপত্র আহ্বানের পর অর্ধেক হাটের ইজারাদার পায়নি ডিএসসিসি। শেষ বেলায় গিয়ে ইজারা না হওয়া হাটগুলো খাস বরাদ্দ পান ওই সিন্ডিকেটের সদস্যরাই। ইজারা না হওয়ায় সিটি করপোরেশন রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়। তবে এবার সিন্ডিকেট বড় কোনো ভূমিকা পালন করতে পারছে না বলে জানালেন সিটি করপোরেশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ঈদুল আজহার বাকি প্রায় দেড় মাস। ১৪টি হাটের দরপত্র আহ্বান করে ইতিমধ্যে ১১ টিতে ইজারাদার পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বাকি তিনটিতেও ইজারাদার পাওয়া যাবে বলে আশাবাদী সংস্থাটি। ১০ জুন ১৪টি পশুর হাটের দরপত্র আহ্বান করা হয়। ২৫ জুন ছিল দরপত্র দাখিলের শেষ দিন। এই ১৪টি হাটের জন্য ৪০টি দরপত্র জমা পড়ে। সর্বোচ্চ দরদাতা ১১ জনকে হাটের ইজারাদার হিসেবে চূড়ান্ত করা হয়েছে। প্রত্যাশিত মূল্য না পাওয়ায় বাকি তিনটি হাটের জন্য পুনঃ দরপত্র দেওয়া হবে।

ডিএসসিসির কর্মকর্তারা জানান, গত বছর ১৫টি হাটের দরপত্র ঘোষণা করে ৭ টিতে ইজারাদার পেয়েছিল সংস্থাটি। বাকি ৮টি হাট থেকে খাস আদায় হয়েছে। নিয়ম অনুযায়ী খাস আদায়ের ক্ষেত্রে সিটি করপোরেশনের প্রতিনিধির হাটে উপস্থিত থাকার কথা থাকলেও স্থানীয় নেতা–কর্মীরাই এসব হাট নিয়ন্ত্রণে রাখতেন বলে জানিয়েছেন সম্পত্তি বিভাগের কর্মকর্তারা। তাঁরা বলেছেন, এসব হাট থেকে স্থানীয় নেতা–কর্মীরা খাজনা আদায় করে নামমাত্র টাকা সিটি করপোরেশনে জমা দেন। এতে মোটা অঙ্কের রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয় সিটি করপোরেশন। এবার ১১টি হাটে ইতিমধ্যে ৮ কোটি ১৭ লাখ ৫২ হাজার ৮৪১ টাকার ইজারা চূড়ান্ত হয়েছে। বাকি তিনটি হাটের সরকার–নির্ধারিত সর্বনিম্ন দর ১ কোটি ৮২ লাখ ৩৮ হাজার ২৪৮ টাকা।

ডিএসসিসির সম্পত্তি বিভাগ সূত্রে জানা যায়, গত বছর কোরবানির অস্থায়ী হাট থেকে রাজস্ব আদায় হয়েছে ৭ কোটি ৮৯ লাখ ২৭ হাজার ১৫০ টাকা। এর মধ্যে ইজারা না হওয়া আটটি হাট থেকে খাস আদায় হয়েছে সাড়ে ৪ কোটি টাকা। কিন্তু ওই হাটগুলোর ইজারার জন্য সরকার–নির্ধারিত সর্বনিম্ন দর ছিল ৫ কোটি ১০ লাখ টাকা। ইজারা হলে ওই হাটগুলো থেকে নির্ধারিত দরের চেয়ে অনেক বেশি অর্থ পাওয়া যেত বলে জানান ডিএসসিসির কর্মকর্তারা। তাঁরা বলেন, এবার দরপত্র পর্যালোচনা করে দেখা গেছে, ইজারা হওয়া ১১টি হাটে নির্ধারিত সর্বনিম্ন দরপত্রের চেয়ে প্রায় ২ কোটি ১১ লাখ টাকা বেশি পাওয়া গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি