মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতকে হারিয়ে সেমির আশায় ইংল্যান্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

অবশেষে হারের মুখ দেখলো ভারত। স্বাগতিক ইংল্যান্ডের কাছে ৩১ রানে হেরেছে টিম ইন্ডিয়া। জনি বেয়ারস্টোর সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩৩৭ রানের স্কোর গড়ে ইংলিশরা। মোহাম্মদ শামি নেন ৫ উইকেট। তবে রোহিত শর্মার সেঞ্চুরির পরও ৩০৬ রানের বেশি করতে পারেনি বিরাট কোহলির দল। ম্যাচ সেরা হয়েছেন জনি বেয়ারস্টো।

জার্সি বদল সাথে ভাগ্য। অপরাজেয় ট্যাগ লাগিয়ে ছুটে চলা টিম ইন্ডিয়া অবশেষ পেলো প্রথম হারের তিক্ত স্বাদ। অথচ ভারতের সাথে বাংলাদেশ, পাকিস্তান আর শ্রীলঙ্কারও পূর্ণ সমর্থন ছিলো বিরাট কোহলির দলের প্রতি। নেপথ্যে সেমিফাইনাল সমীকরণ। তবে এদিন ভারতের খেলার ধাঁচই ছিলো অন্য ম্যাচগুলোর চেয়ে আলাদা।

বিশেষ করে ঠিক এ ম্যাচেই ভারতের দুই স্পিনার যুযবেন্দ্র চাহাল ও কুলদ্বীপ যাদবের নিষ্কৃয়তা আর বড় টার্গেট তাড়া করতে নেমেও রোহিত-কোহলির ধীরলয়ে ব্যাটিং প্রশ্নবিদ্ধ।

৩৩৮ রানের লক্ষ্য বড় তবে অসম্ভব নয়। তবে রান তাড়া করতে বরাবরই পছন্দ টিম ইন্ডিয়া এদিন শুরু থেকেই নড়বড়ে। কোন রান না করেই ক্রিস ওকসের বলে ফেরেন লোকেশ রাহুল। রোহিত শর্মা ও বিরাট কোহলি ১৩৮ রানের জুটি গড়েন ঠিকই তবে বল খরচ করেন ১৭০টি। লিয়াম প্লাঙ্কেটের শিকার হবার আগে আসরের পঞ্চম হাফসেঞ্চুরি তুলে নেন ভারত অধিনায়ক।

আর আসরে ৩ সেঞ্চুরিতে ১০২ রানে ফেরেন রোহিত শর্মা। তখন দলের প্রয়োজন ৮৩ বলে ১৩৯ রান। তবে বিজয় শঙ্করের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া রিশভ পন্ত, হার্দিক পান্ডিয়া কিংবা অভিজ্ঞ ধোনী, কেউই বিধ্বংসী ইনিংস খেলতে পারেননি।

এজবাস্টনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত ইংল্যান্ডের। ইনজুরি থেকে ফেরা জেসন রয় পুরনো ছন্দে। জনি বেয়ারস্টোকে নিয়ে গড়েন ১৬০ রানের জুটি। ৬৬ করা রয়কে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু আনেন কুলদ্বীপ। তবে আসরে প্রথম সেঞ্চুরি তুলে নেন বেয়ারস্টো। ১১১ রান করে মোহাম্মদ শামির শিকার তিনি।

শামির পরের ওভারে মরগ্যান বিদায় নেন। তবে বেন স্টোকসের ৭৯ আর জো রুটের ৪৪ রান যে পুঁজি এনে দেয়, তাতেই ৯২ এর পর প্রথমবার বিশ্বকাপে ভারতকে হারাতে পারে ইংল্যান্ড।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি