ডেস্ক রিপোর্ট :
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেছে মেসির আর্জেন্টিনা। আগামী বুধবার সেমিফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে টুর্নামেন্টের ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
কাল টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ। ফাইনাল নয়, তবু উত্তাপ এর চেয়েও বেশি। কারণ, প্রতিপক্ষ ব্রাজিল-আর্জেন্টিনা।
মিনেইরাওতে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে লাতিন আমেরিকার দুই পরাশক্তি। সকাল সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।
বেলো হরিজন্তে, ব্রাজিলের অনেক অর্জনের সাক্ষী যেমন তেমনি বিষাদেরও। সাত গোল খেয়ে ২০১৪ বিশ্বকাপ থেকে বিদায়ের দিনটি হয়তো কোনদিনও ভুলতে পারবেনা সেলেসাওরা।
সেই মিনেইরাও স্টেডিয়ামেই এবার সামনে চিরপ্রতিদ্বন্দি আর্জেন্টিনা। যে সুপার ক্ল্যাসিকোকে ঘিরে উন্মাতাল লাতিন আমেরিকা।
২০০৭ সালের পর আর কোপা আমেরিকায় জেতেনি ব্রাজিল। ওই আসরের পর এই প্রথম সেমিফাইনালেও খেলছে সেলেসাওরা।
কোয়ার্টার ফাইনালে ৭১ ভাগ বলের দখলে রেখেও টাইব্রেক ভাগ্যে সেমিফাইনালে এসেছে ব্রাজিল। তবুও এবার শিরোপা জয়ের অন্যতম ফেভারিট।
২০১৮ বিশ্বকাপের পর থেকে খেলা ১৪ ম্যাচের ১১টিতেই জিতেছে সেলেসাওরা। তবে দুশ্চিন্তা তিন ড্রয়ের দু্টইি এসেছে এবারের কোপা আমেরিকায়।
ফরোয়ার্ডদের নিষ্ক্রিয়তাও উদ্বেগের। আসরে সর্বোচ্চ দুটো করে গোল করেছেন কুতিনিয়ো ও এভারটন।
তবে বিগ ম্যাচের আগে দুই গুরুত্বপূর্ণ ফুটবলার ফিলিপে লুইস ও ফার্নান্দিনিয়ো ইনজুরিতে অনিশ্চিত।
কোন ইনজুরি সমস্যা নেই আর্জেন্টিনার। কলম্বিয়ার কাছে হেরে অনেক সমালোচনায় টুর্নামেন্ট শুরু করা আলবিসেলেস্তেরা নিজেদের গুছিয়ে নিয়েছে। কোয়ার্টার ফাইনালে গোল করা একমাত্র দলও আকাশী নীলরা।
লিওনেল মেসির জন্য উদ্বুদ্ধ দল। কিংবদন্তি অধিনায়ক তাঁর প্রথম আন্তর্জাতিক ট্রফি থেকে দুই জয় দূরে। তবে সবশেষ তিন কোপা ও এক বিশ্বকাপ ফাইনাল হারের তিক্ততায়, সেমি কিংবা ফাইনাল, সবসময়ই চাপের এলএমটেনের।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, গুরুত্বপূর্ন একটা টুর্নামেন্টের চূড়ান্ত একটা পর্যায়ে আমরা আছি। ম্যাচে সেরা প্রস্তুতি নিয়ে যেন নামতে পারি সে ব্যাপারে আমরা সতর্ক। আমাদের লক্ষ্য স্থির তবে ব্রাজিল ফেভারিট হিসেবে বেশী চাপে থাকবে।
ব্রাজিলের কোচ তিতে বলেন, এটা একটা বিশাল দ্বৈরথ। মিনেইরাওতে এর আগে আর্জেন্টিনাকে ৩ গোল দেয়ার কৃতিত্ব যেমন কাজে আসবে না, জার্মানির সঙ্গে ৭ গোল খাওয়াটাও কোন প্রভাব ফেলবে না। আর কৌশল করেও মেসিকে আটকানো এত সহজ নয়।
মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল। ১১০ ম্যাচের ৪৫ টিতে জিতেছে সেলেসাওরা, আর্জেন্টিনার জয় ৩৯টিতে। ড্র হয়েছে ২৬ ম্যাচ।
আর শেষ পাচ দেখায় ব্রাজিলের তিন জয়ের বিপরীতে আর্জেন্টিনা জিতেছে একটিতে।
গ্রুপে মন ভরানো ফুটবল খেলতে ব্যর্থ সেলেসাওরা গ্যালারি থেকে দুয়ো শুনেছে। দেশের মাটিতে ট্রফি জেতার ব্যর্থতায় যে মুন্ডুপাত হবে সেটা একেবারে অনুমিত।
অন্যদিকে আর্জেন্টিনার সাফল্যে কৃতিত্ব না জুটলেও ব্যর্থতার সব দায় পড়ে যে মানুষটার উপ, সেই লিওনেল মেসির জন্য হলেও অন্তত আরও এক ফাইনাল মঞ্চে যেতে মরিয়া আবিসেলেেেস্তরা।
২০০৭ সালের কোপা আমেরিকার ফাইনালে তাঁরা মুখোমুখি হলেও তাতে ৩-০ গোলে জয়ী হয়েছিল সেলেসাওরা।

























































