সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » এক নারীর কথায় প্ররোচিত হয় হৃদয় ,পুড়িয়ে ফেলতে দেন রেনুকে হত্যার দিনের পোশাক,ছদ্মবেশ নেন ন্যাড়া হয়ে


এক নারীর কথায় প্ররোচিত হয় হৃদয় ,পুড়িয়ে ফেলতে দেন রেনুকে হত্যার দিনের পোশাক,ছদ্মবেশ নেন ন্যাড়া হয়ে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা রেনুকে পিটিয়ে হত্যার দায় স্বীকার করেছে প্রধান আসামি হৃদয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত আরও ১৬ জনের নাম জানিয়েছে। পরে হৃদয়কে আদালতে নিয়ে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।

বুধবার ( ২৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদরদপ্তরে এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এসব জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।

ব্রিফিংয়ে তিনি জানান, বাড্ডায় রেনু হত্যাকাণ্ডে নেতৃত্ব দেয়া সবজি বিক্রেতা হৃদয়কে মঙ্গলবার গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই সময় সে হত্যাকাণ্ডে জড়িত আরও ১৬ জনের নাম জানায়। এই ১৬ জনের মধ্যে ৭ জন ঘরের তালা ভেঙে রেনুকে বাইরে বের করে এনে পেটাতে শুরু করেছিল।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ভুলতা এলাকা থেকে হৃদয়কে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি’র যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় ডিবি পূর্ব বিভাগের একটি টিম অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, শনিবার সকালে রাজধানীর উত্তর বাড্ডায় মেয়েকে ভর্তি করানোর তথ্য জানতে স্থানীয় একটি স্কুলে যান তাসলিমা রেনু (৪০)। এ সময় তাকে ছেলেধরা সন্দেহে প্রধান শিক্ষকের রুম থেকে টেনে বের করে গণপিটুনিতে হত্যা করা হয়।

এ ঘটনায় এ দিন রাতেই বাড্ডা থানায় অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন নিহতের ভাগনে নাসির উদ্দিন।

হৃদয় জানিয়েছে, আগে সেখানে থাকা অন্য এক নারীর কথায় প্ররোচিত হয়ে হামলায় অংশ নেয় হৃদয়।এক প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, তাসলিমা এবং ওই নারী পূর্বপরিচিত কি না সেটা দেখতে হবে। ঘটনাটি পরিকল্পিত কি না তা ওই নারীকে জিজ্ঞাবাদের পর বলা যাবে। কারণ, তাসলিমাকে দেখে তিনিই প্রথম ‘ছেলেধরা’ বলেছিলেন।

হৃদয় জানান, ন্যাড়া হয়ে ছদ্মবেশ ধারণের চেষ্টা করেছিলেন তিনি।

হৃদয় সবজি বিক্রি করত। সবজি বিক্রি শেষে স্কুলের কাছে সে দাঁড়িয়ে ছিল। তাসলিমাকে স্কুলে প্রবেশ করতে দেখেছিল সে।

হৃদয়ের মা-বাবা নেই। নানির কাছেই থাকত। ঘটনার পর সে যখন বুঝতে পারল, পুলিশ তাকে গ্রেপ্তার করবে, তখন নারায়ণগঞ্জে পালিয়ে যায়। হৃদয় নানিকে বলেছিল যেন তার সব পোশাক পুড়িয়ে ফেলা হয়।

এদিকে, এ ঘটনায় জড়িত অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। হৃদয়কে নিয়ে সাতজন গ্রেপ্তার হলেন।

সম্পাদনা:তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি