বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বন্যার প্রভাব বাজারে, সবজির দাম বেড়ে ৩ গুণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৭.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

বন্যার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে শাক-সবজির দাম। কয়েকদিনের ব্যবধানে সবজির দাম বেড়েছে প্রায় ৩ গুণ। বাজার ঘুরে দেখা গেছে, ৪০ টাকার নিচে কোনো সবজি নেই। তবে দাম বাড়ার তালিকায় সবার উপরে কাঁচামরিচ। কাওরান বাজারে এক কেজি কাঁচামরিচ ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

কেবল কাঁচামরিচ বা সবজি নয়- রাজধানীর মাছের বাজারেও রয়েছে বাড়তি দামের অভিযোগ। মাছের বাজারে রুই, বোয়াল, কাতল, তেলাপিয়া, চিংড়িসহ বড় মাছ বিক্রি হচ্ছে ২৩০ থেকে ৫০০ টাকায়। এছাড়া ছোট মাছও বিক্রি হচ্ছে চড়া দামে। মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, বন্যার পানি কমলে মাছের দাম কমবে।

তবে ব্রয়লার, কক ও দেশি মুরগির দাম স্বাভাবিক রয়েছে বলে জানান বিক্রেতারা।

বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগে প্রতি কেজি পটল ২০ টাকা দরে বিক্রি হলেও এখন তা বেড়ে বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। ঢেঁড়স ২০ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। ১৫ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হওয়া বেগুনের দাম বেড়ে হয়েছে ৫০ থেকে ৬০ টাকা। মিষ্টি কুমড়া ১৫ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। বরবটি ১০-১২ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন তার দাম বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকা। এছাড়া করলা বিক্রি হতো প্রতিকেজি ২০ টাকা, এখন তা বেড়ে হয়েছে ৮০ টাকা। কচুরমুখী ১০ থেকে ১৩ টাকা বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৬০ টাকায়। ১৫ টাকা কেজির আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকায়।

সম্পাদনা: তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি