সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বক্তৃতার নামে সিইসি, কমিশনার, সচিবদের পকেটে দুই কোটি টাকা


বক্তৃতার নামে সিইসি, কমিশনার, সচিবদের পকেটে দুই কোটি টাকা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৮.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও কমিশনারদের মতো সাংবিধানিক পদের পদাধিকারীদের বিরুদ্ধে বক্তৃতা না দিয়ে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে। তাঁদের সঙ্গে আছেন ইসির সচিবসহ পদস্থ কর্মকর্তারা। আর এই অর্থের পরিমাণ একেবারে কম নয়, দুই কোটি টাকার বেশি।

বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও এরপরে উপজেলা নির্বাচনে প্রশিক্ষণ উপলক্ষে শুধু ‘বিশেষ বক্তা’ হিসেবে বক্তৃতা দিয়ে তাঁরা এই অর্থ নিয়েছেন। আর এর বাইরে ‘কোর্স উপদেষ্টা’ হিসেবে নির্বাচন কমিশনের তৎকালীন সচিব (বর্তমানে স্থানীয় সরকার বিভাগের সচিব) একাই নিয়েছেন ৪৭ লাখ টাকা। তিনি ‘বিশেষ বক্তা’ হিসেবেও টাকা নিয়েছেন। তবে তা কত জানা যায়নি।

ইসির তথ্য অনুযায়ী, সংসদ নির্বাচনে ‘বিশেষ বক্তা’ হিসেবে বক্তৃতা দেওয়ার নামে যাঁরা টাকা নিয়েছেন তাঁরা হলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা; চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন চৌধুরী ও কবিতা খানম; সচিব হেলালুদ্দীন আহমেদ; অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান এবং দুই যুগ্ম সচিব আবুল কাশেম ও কামরুল হাসান। উপজেলা নির্বাচনে ‘বিশেষ বক্তা’ হিসেব এর সঙ্গে আরও চারজন যুগ্মসচিব যুক্ত হয়েছেন।

ইসি সচিবালয়ের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, একাদশ সংসদ নির্বাচনের সময় নয়জন ‘বিশেষ বক্তা’ ১৮ দিনে (৭ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর, ২০১৮) জেলা ও উপজেলার ৫২০ জায়গায় বক্তৃতা দিয়েছেন। প্রতিটি প্রশিক্ষণ কেন্দ্রে চারজন ‘বিশেষ বক্তা’র উপস্থিত থাকার কথা। ফলে সাধারণ পাটিগণিতের হিসাবে প্রত্যেক ‘বিশেষ বক্তা’কে দিনে কমপক্ষে ১৪টি স্থানে বক্তৃতা দিতে হয়েছে। বাস্তবে যা কোনোভাবেই সম্ভব নয়। এ থেকে বোঝা যায়, বক্তৃতাস্থলে উপস্থিত না থেকেই তাঁরা টাকা নিয়েছেন। এভাবে অর্থ নেওয়ার বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় যাঁরা অর্থ নিয়েছেন, তাঁদের কেউ কেউ সম্মানী ভাতা ফেরত পাঠাতে শুরু করেছেন বলে জানা গেছে।

ইসির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের এভাবে অর্থ নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ‘ইসির ইতিহাসে এমন ব্যয়বহুল প্রশিক্ষণ হয়নি। আমাদের সময়ে সিইসি, আমি ও অন্য কমিশনাররা দেশের বিভিন্ন জায়গায় প্রশিক্ষণে বক্তৃতা দিয়েছি। কিন্তু কোনো ভাতা নিইনি। এমনকি সচিবও বক্তৃতা দিয়ে ভাতা নিতেন না। সে রকম রেওয়াজও ছিল। এবার যা ঘটেছে সেটা অব্যবস্থাপনা, অনিয়ম ছাড়া আর কিছুই নয়। এ জন্য অবশ্যই জড়িতদের দায় নিতে হবে।’

অনুসন্ধানে জানা যায়, সংসদ ও উপজেলা নির্বাচনে প্রশিক্ষণের জন্য অতীতে ‘বিশেষ বক্তা’ বা ‘কোর্স উপদেষ্টা’ বলে কিছু ছিল না। গত নির্বাচনের সময় এসব সৃষ্টি করা হয়েছে কেবল অবৈধভাবে টাকা নেওয়ার জন্য।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মহাহিসাব নিরীক্ষক এম হাফিজ উদ্দীন খান বলেন, এখানে প্রশিক্ষণের নামে লুটপাট হয়েছে। ‘বিশেষ বক্তা’র নামে পুরো কমিশন ও সচিব যে টাকা নিয়েছেন তার পুরোটাই বেআইনি। কারণ, প্রশিক্ষণের অর্থ হলো প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হয়ে খাতায় সই করতে হবে। টাকা নেওয়ার সময়ও সই করতে হবে। তাঁরা সেটা করেছিলেন কি না, তদন্ত করলেই বেরিয়ে আসবে।

এভাবে প্রশিক্ষণে ‘বিশেষ বক্তা’ হিসেবে ইসির শীর্ষস্থানীয় কর্মকর্তারা অর্থ গ্রহণ করতে পারেন কিনা জানতে চাইলে সাবেক মহাহিসাব নিরীক্ষক আহমেদ আতাউল হাকিম বলেন, প্রশিক্ষণে বক্তৃতার বিনিময়ে টাকা নেওয়ার কথা থাকলে অবশ্যই প্রশিক্ষণস্থলে উপস্থিত হয়ে বক্তৃতা দিয়ে টাকা নিতে হবে। উপস্থিতির প্রমাণ হিসেবে রেজিস্ট্রারে সই করতে হবে এবং ভাতা গ্রহণের সময়ও সই করতে হবে। ‘কোর্স উপদেষ্টা’ পদ সম্পর্কে তিনি বলেন, বিষয়টি যতটা না আইনি, তার চেয়েও বড় প্রশ্ন নৈতিকতার। নৈতিকভাবে এ ধরনের কাজ মোটেই সমর্থনযোগ্য নয়।

সম্পাদনা : তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি