ডেস্ক রিপোর্টঃ
টাকা দিয়েই সবকিছু কেনা সম্ভব, এমন কথায় বিশ্বাসী এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীম। সেভাবেই বিগত বছরগুলোতে টাকা ছড়িয়ে গণপূর্ত অধিদফতরে আধিপত্য বিরাজ করে আসছিলেন তিনি। টাকা ছিটিয়েই তিনি ‘টেন্ডার মাফিয়া’তে পরিণত হন।
র্যাব সূত্রে জানা গেছে, হাতকড়া পরানোর পরও র্যাবকে ১০ কোটি টাকার বিনিময়ে ছেড়ে দিতে প্রস্তাব করেন জিকে শামীম। অভিযানে অংশ নেয়া এক র্যাব সদস্য জানান, শামীম বলেছিলেন- গ্রেফতার না করলে আপাতত ১০ কোটি টাকা দেয়া হবে র্যাবকে। পরে আরও দেয়া হবে।
জানা গেছে, টাকা দিয়েই ‘যুবলীগের নেতা’ পরিচয়টি বাগিয়ে নেন শামীম। এ জন্য ঢাকা মহানগর যুবলীগের বড় এক নেতাকে ১৫ লাখ টাকা সম্মানীও দিয়েছেন তিনি।
মূলত আটকের পর গণমাধ্যমে তার ব্যবসায়িক কার্যালয় থেকে টাকার পাহাড় উদ্ধার হলেও জনমনে প্রশ্ন ওঠে- কে এই জিকে শামীম? প্রথমে তার পরিচয় যুবলীগের সমবায় সম্পাদক হিসেবে জানা গেলেও পরে প্রকাশ হয়, বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট ক্ষমতায় থাকাকালে জিকে শামীম ছিলেন ঢাকা মহানগর যুবদলের সহসম্পাদক।
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাতারাতি ভোলপাল্টে ফেলেন তিনি। ঢাকা মহানগর যুবলীগের এক বড় নেতাকে ১৫ লাখ টাকা ‘সম্মানী’ দিয়ে চলে আসেন যুবলীগের ছায়াতলে জায়গা করে নেন। এর পর সেই পরিচয়কে মূলধন করে টেন্ডারবাজিতে আধিপত্য গড়ে তোলেন। সূত্র জানায়, রোববার (২২ সেপ্টেম্বর) জিকে শামীমকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদের পর এ তথ্য বেরিয়ে আসে।
সেখানে জিকে শামীম বলেন, যুবলীগের শীর্ষস্থানীয় তিন নেতাকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা দিতেন তিনি। টেন্ডার হলেই কমিশন হিসেবে মোটা অঙ্কের টাকা দিতে হতো যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটকে। সেটি ছিল যুবলীগে নিজেকে যুক্ত রাখার কমিশন।
এ মোটা অঙ্কের পরিমাণ কত সে প্রশ্নে শামীম বলেন, প্রতি টেন্ডারে ৮-১০ শতাংশ কমিশন দিতাম সম্রাটকে। আর এই কমিশনের বিনিময়ে সম্রাট তাকে টেন্ডারবাজির জগতে একচ্ছত্র আধিপত্য কায়েম করার সুযোগ করে দেন।


















































