ডেস্ক রিপোর্টঃ
গত আট বছরে সড়ক নির্মাণ, উন্নয়ন ও সেতু কালভার্টের পেছনে ৫৮ হাজার ২২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। একইভাবে ৭৩ হাজার ৩৪৩ কোটি টাকা খরচ হয়েছে স্থানীয় সরকার বিভাগের উন্নয়নে। যার বড় অংশ জুড়ে ছিল সড়ক কালভার্ট, ফুটপাথ নির্মাণে।
একের পর এক বড় বড় প্রকল্প চলছে বছরজুড়ে, তারপরেও দেশজুড়ে সড়কে চলেছে নৈরাজ্য, ঘটছে দুর্ঘটনা, দীর্ঘ হচ্ছে মুত্যুর মিছিল। সরকারের অপরিকল্পিত ব্যবস্থাপনা নীতিকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশে মোট মহাসড়ক ২২ হাজার ৯৬ কিলোমিটার। এরমধ্যে ৮ লেন, ৬ লেন, ৪ লেনের মহাসড়কও রয়েছে। ২০১৮-২০১৯ সালের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বার্ষিক প্রতিবেদন থেকে জানা যায়- ২০০৯ থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত ৪ হাজার ৩৩১ কিলোমিটার মহাসড়ক মজবুত, ৫ হাজার ১৭১ কিলোমিটার মহাসড়ক প্রশস্ত এবং বিভিন্ন লেনের ৪১৭ কিলোমিটার মহাসড়ক উন্নয়ন করা হয়েছে। যাত্রাবাড়ী থেকে কাঁচপুর পর্যন্ত দেশের প্রথম ৮ লেনের মহাসড়কও তৈরি হয়েছে এই সময়ের মধ্যেই। এছাড়া নির্মাণ হয়েছে ফ্লাইওভার, আন্ডারপাস। তৈরি হয়েছে নতুন নতুন সেতু।
সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের বার্ষিক প্রতিবেদন ২০১৮-২০১৯ অনুযায়ী- ২০১১ -২০১২ থেকে ২০১৮-২০১৯ এই আট বছরে সড়ক ও জনপথ অধিপ্তরের জন্য বরাদ্দ ছিল ৫৮ হাজার ২২০ কোটি টাকা।
এখনও চলছে অনেক মেগাপ্রকল্প। এডিবির অর্থায়নে জয়দেবপুর টাঙ্গাইল এলেঙ্গা পর্যন্ত চার লেন, এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত মহাসড়ক, সার্ভিস লেনসহ চার লেন করা, ধীরগতির যানবাহনের জন্য ভিন্ন লেনসহ ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়েসহ রাজধানীতে চলছে মেট্টোরেলের কাজ।
আর স্থানীয় সরকার বিভাগের বাজেট ঘেটে দেখা গেছে- ২০০৯ থেকে ২০১৮ এর ডিসেম্বর পর্যন্ত উন্নয়ন খাতে খরচ হয়েছে ৭৩ হাজার ৩৪৩ হাজার কোটি টাকা। অবশ্য এই বাজেটের মধ্যে সড়ক ব্রিজ, ফ্লাইওভার, কালভার্ট, ফুটপাত নির্মাণ ছাড়াও বিভিন্ন টার্মিনাল, উপজেলা অথবা ইউনিয়ন কমপ্লেক্স, সাইক্লোন শেল্টার নির্মাণের বাজেটও অন্তর্ভুক্ত।
এত এত প্রকল্পের পাশাপাশি সড়কপথে ২০০৮ থেকে ২০১৮ পর্যন্ত ২৫ হাজার ৮০২টি দুর্ঘটনায় ২৭ হাজার ৫৫৯ জন মানুষ প্রাণ হারিয়েছেন।
বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক সাইফুন নেওয়াজ বলছেন, ‘সড়ক-মহাসড়ক তৈরি হচ্ছে, কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা তৈরি হয়নি। তিনি বলেন, ‘যত্রতত্র সাইড রোড উঠে গিয়েছে, সার্ভিস রোড না থাকায় লোকাল গাড়ি প্রধান সড়কে চলে আসছে। যা সড়কের নিরাপত্তাকে ঝূঁকির মধ্যে ফেলে দিচ্ছে।’ উন্নয়ন প্রকল্পে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা এবং রাস্তার ত্রুটি বের করে সেভাবে প্রকল্প গ্রহণ করার বিষয়টি এখনো পরিকল্পনায় নেই বলেও জানান তিনি।
সড়ক-মহাসড়ক নির্মাণ ও উন্নয়ন যাত্রীবান্ধব হচ্ছে কিনা সেই গবেষণা নেই। নেই রক্ষণাবেক্ষণ ব্যবস্থাও, বলছেন নিরাপদ সরকার চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘আমাদের উন্নয়নমূলক যত কর্মকাণ্ড আছে তা সড়ক ঘিরে। অপরিকল্পিতভাবে আমাদের সড়ক নির্মাণ এবং পরিবহন সেক্টরটা অপরিকল্পিতভাবে তৈরি হওয়ার কারণে যে সুযোগ সুবিধা জনগনের পাওয়ার কথা ছিলো, যে নিরাপত্তা পাওয়ার কথা ছিলো, সেটি আমরা দিতে পারিনি।’
এদিকে, মানুষের চাহিদা বিবেচনা করেই উন্নয়ন প্রকল্প নেয়া হয় বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। তিনি জানান, উন্নয়ন ব্যয়টা এমন ভাবে করা হয় যেন জনগোষ্ঠিকে বৈষয়িক, সামাজিক ও অর্থনৈতিকভাবে সম্পৃক্ত করা যায়।
প্রতি বছর কি পরিমাণ যাত্রী সড়ক মহাসড়ক ব্যবহার করে, তেমন কোন তথ্যও পাওয়া যায়নি সরকারি কয়েকটি দপ্তর ঘুরেও।























































