ডেক্স রিপোর্টঃ
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় পুত্রবধূকে আত্মহত্যায় বাঁধা দিতে গিয়ে নিহত হলেন শ্বশুর। পূত্রবধূ সোহেনাকে আত্মহত্যা করতে বাঁধা দেয়ায় লাঠি দিয়ে আঘাত করে শ্বশুরকে। এতে ঘটনাস্থলেই মারা যান শ্বশুর সৈইফ উদ্দিন (৬০)। শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলার রাজনপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত সৈইফ উদ্দিন দোয়ারাবাজার উপজেলার রাজনপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় পুলিশ ঘাতক পূত্রবধূ সোহেনা বেগমকে (২২) আটক করেছে।
স্থানীয় সূত্র জানায়, নিহতের ছেলে শফিক নূরের স্ত্রী সোহেনা বেগম প্রায়ই বড় জা’র সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া করেন। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতেও তার সঙ্গে ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে শনিবার সকালে সোহেনা বেগম বাড়ির পাশে গাছের ডালের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করতে গেলে শ্বশুর সৈইফ উদ্দিন তাকে বাঁচানোর জন্য এগিয়ে যান। এ সময় সোহেনা বেগম হাতে লাঠি নিয়ে শ্বশুরের মাথা ও পেটে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় ঘাতক সোহেনা বেগমকে আটক করা হয়েছে।


















































