সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পেলের ‘স্পেশাল’ এক রেকর্ডের দিকে ছুটছেন মেসি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

শনিবার লা লিগায় অ্যালাভেসের বিপক্ষে জয়ে (৪-১) বার্সেলোনার তৃতীয় গোলটি করেন লিওনেল মেসি। এটি ২০১৯ সালে ক্লাব ও আর্জেন্টিনার হয়ে তার ৫০তম গোল। বার্সেলোনার হয়ে ৭০৫টি অফিশিয়াল ম্যাচে এটা তার ৬১৮তম গোল। এর মধ্য দিয়ে তিনি ছুটছেন ব্রাজিল কিংবদন্তি পেলের ‘স্পেশাল’ এক রেকর্ডের দিকে। স্যান্টোসের হয়ে পেলের গোল ৬৪৩টি। ২০২০ সালেই হয়তো পেলেকে টপকে যাবেন ৩২ বছর বয়সী আর্জেন্টাইন সুপারস্টার।

বিগত ৪৬ বছরে পেলের যে রেকর্ড কেউ ভাঙতে পারেনি, সেটির দিকেই যাত্রা মেসির। ১৯৫৬ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত স্যান্টোসের হয়ে খেলে ৬৪৩ গোল করেন ব্রাজিলের ইতিহাসে শ্রেষ্ঠ ও অর্ধেক দুনিয়ার শ্রেষ্ঠ খেলোয়াড় এবং গোটা দুনিয়ায় সুপরিচিত ফুটবল সুপারস্টার পেলে। মাঝের প্রায় ৫০ বছরে কোনো স্ট্রাইকার এত বেশি গোল একই ক্লাবের হয়ে করতে পারেননি বলে রেকর্ডটাও অক্ষতই রয়ে গেছে।

স্যান্টোসের হয়ে ১৭ বছরে গোলবন্যা বইয়ে দিয়েছেন পেলে। মেসির আবির্ভাবের আগে কেউই এ রেকর্ড ভাঙার কথা হয়তো ভাবেননি। ২০০৪ সাল থেকে বার্সেলোনার জার্সিতে ইউরো মাতানো মেসিকে নিয়ে এখন কারোরই সংশয় নেই যে তিনি রেকর্ডটি ভাঙতে চলেছেন। সবকিছুই পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে, ২০২০ সালেই পেলের রেকর্ড স্পর্শ করার পর তা ভাঙবেন মেসি।

বার্সেলোনার হয়ে ক্যারিয়ারে ৫৬ হাজার ৮১২ মিনিট খেলে ৬১৮ গোল করার পাশাপাশি মেসি তার সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো ২৩৬টি গোল। নিঃসন্দেহে আরো কিছু গোল জমা পড়তে পারত তার নামের পাশে। যেমন, পরশু বার্সেলোনা অধিনায়ক পেতে পারতেন নিজের দ্বিতীয় গোল। তবে দলের অর্জিত পেনাল্টি শটটি তিনি নিজে না নিয়ে লুইস সুয়ারেজকে দিয়ে করান। ‘স্বার্থপর’ হলে হয়তো আগেই পেলেকে তিনি টপকে যেতে পারতেন।

রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অরজয়ী মেসি সর্বশেষ ১০ বছরের মধ্যে নয়বারই ন্যূনতম ৫০ গোল পেলেন। এছাড়া টানা ষষ্ঠ পঞ্জিকাবর্ষে ৫০ গোলের মাইলফলক পেরিয়ে গেলেন। চলতি মৌসুমে ইউরোপিয়ান ‘গোল্ডেন বুট’ জয়ের রেসেও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। লা লিগায় তার গোল ১২টি। অন্যদিকে বায়ার্নের হয়ে বুন্দেসলিগায় রবার্ট লেভানডভস্কি করেছেন ১৯ গোল। ইংল্যান্ডে লেস্টার সিটির জেমি ভার্ডি ও ইতালিতে ল্যাজিওর সাইরো ইম্মোবিলে ১৭ গোল নিয়ে গোল্ডেন বুটের রেসে রয়েছেন।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৮টি অফিশিয়াল ম্যাচে মেসি করেছেন ১৫ গোল। এর মধ্যে ১৬ ম্যাচ খেলেছেন মূল একাদশে। কোনো অঘটন না ঘটলে অনেকের চোখেই ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়টি ভেঙে দেবেন কিংবদন্তি পেলের গোলের রেকর্ডটা। লা লিগা ও মার্কা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি