সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লাকে ১৯১ রানের লক্ষ্য দিলো রাজশাহী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ২৩তম ম্যাচ মাঠে গড়িয়েছে।মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স ও রাজশাহী রয়েলস। ম্যাচের আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক ডেভিড মালান। ফলে শুরুতে ব্যাটিং করছে আন্দ্রে রাসেলের রাজশাহী।

আজকের ম্যাচে কুমিল্লার একাদশে র্বেশ কিছু পরিবর্তন এসেছে। শ্রীলঙ্কা জাতীয় দলের ক্যাম্প থাকায় বিপিএল থেকে চলে গেছেন দুই লঙ্কান দাসুন শানাকা ও ভানুকা রাজাপাকসে। ফলে কুমিল্লার একাদশে সুযোগ পেয়েছেন ভ্যান জিল ও ডেভিড ভিসে।

রাজশাহীর ইনিংস দেখেশুনে শুরু করেন দলের দুই ওপেনার লিটন দাস ও আফিফ হোসেন। পাওয়ার প্লে’তে দুজনে মিলে ৫৬ রানের জুটি গড়েন।ইনিংসের সপ্তম ওভারের দ্বিতীয় বলে ফিরে যান লিটন। সানজামুল ইসলামের শিকারে পরিণত হওয়ার আগে ১৯ বলে ২৪ রান করেন লিটন।

লিটন ফিরলেও রান তোলার কাজ চালিয়ে যান আফিফ। যদিও বেশিদূর যেতে পারেননি তিনি। ৩০ বলে ছয়টি চার ও একটি ছক্কায় ৪৩ রান করে সৌম্য সরকারের বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি।

এরপর ইনিংস মেরামত করতে চান রাজশাহীর দুই অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক এবং রবি বোপারা। যদিও এ দিন ব্যর্থ হন বোপারা। ১২ বলে ১০ রান করে মুজিব উর রহমানের বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি।

ইনিংসের শেষ বলের আগ পর্যন্ত মালিকের সঙ্গে নিরাপদে কাটিয়ে দেন অধিনায়ক আন্দ্রে রাসেল। দুজনে মিলে ৮৪ রানের জুটি গড়েন।মালিকের ব্যাটে আসে ৩৮ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় ৬১ রান। ইনিংসের শেষ বলে রান আউট হন তিনি। ২১ বলে চার ছক্কায় ৩৭ রানে অপরাজিত থাকেন রাসেল।

কুমিল্লা ওয়ারিয়র্স একাদশ : মহিদুল ইসলাম অঙ্কন, ডেভিড মালান, সাব্বির রহমান, স্টিয়ান ভ্যান জিল, সৌম্য সরকার, সানজামুল ইসলাম, রবিউল ইসলাম রবি, মুজিব উর রহমান, আল আমিন হোসেন, আবু হায়দায় ও ডেভিড ভিসে।

রাজশাহী রয়েলস একাদশ : লিটন দাস, আফিফ হোসেন, শোয়েব মালিক, রবি বোপারা, আন্দ্রে রাসেল, অলোক কাপালী, ইরফান শুক্কুর, নাহিদুল ইসলাম, তাইজুল ইসলাম, ফরহাদ রেজা ও মোহাম্মদ ইরফান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি