ডেস্ক রিপোর্টঃ
মা’কে নিয়ে গালমন্দ করায় কার্ভাডভ্যান চালক’কে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করে হেলপার রাশেদুল ইসলাম রাশেদ (২৪)। গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজারে এ ঘটনা ঘটে।
হত্যার ৪৮ ঘন্টার মধ্যে বুড়িচং থানার পুলিশ অভিযান চালিয়ে জয়নাল হাওলাদারের ছেলে ঘাতক রাশেদকে তার বাড়ী শরিয়তপুর জেলার ডামুড্যার থানাধীন দশমনতারা গ্রাম থেকে আটক করে।
রবিবার বিকেল সাড়ে তিনটায় কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদে এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, গত ২৬ ডিসেম্বর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসার বাজারে থামানো একটি কাভার্ডভ্যান থেকে চালকের পিছনের সিটে কম্বলে মোড়ানো একটি লাশ উদ্ধার করি। পরে পুলিশ সুপার মোঃ সৈয়দ নুরুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় দুটি টিম গঠন করে নিরবচ্ছিন্ন অভিযান শুরু করি। আমরা জানতে পারি লাশটি ওই কাভার্ডভ্যান চালক আলাউদ্দিনের। নিহত আলাউদ্দিন লক্ষীপুর জেলাধীন কমলনগর থানার চর কাদিরা গ্রামের নসু মিয়ার ছেলে।
পরে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র ও পরিদর্শক তদন্ত সাফায়েত হোসেনকে নিয়ে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা টিমের সহযোগিতায় বুড়িচং থানার উপ-পরিদর্শক নন্দন চন্দ্র সরকার অভিযান চালিয়ে ঘাতক রাশেদকে আটক করে।


















































