শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এবারও মেয়েরা এগিয়ে জেএসসি ও জেডিসির ফলাফলে


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে ১৩ হাজার ৩৩৭ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে গণভবনে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল প্রকাশের সময় এতথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এবছর জিপিএ-৫ পেয়েছে মোট ৪৫ হাজার ৮৮৩ ছাত্রী, যা গতবছর ছিল ৩৯ হাজার ৯০৫ জন। গতবারের তুলনায় এবার ছাত্রীদের জিপিএ-৫ বেড়েছে ৫ হাজার ৯৭৮টি।

অন্যদিকে, এবছর ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৫৪৬ জন, যা গতবছর ছিল ২৮ হাজার ১৯০ জন। ছাত্রদের জিপিও-৫ বেড়েছে গতবারের তুলনায় ৪ হাজার ৩৫৬টি।

ফলাফলে ছাত্রদের চেয়ে ছাত্রীরা ১ দশমিক ৬১ ভাগ বেশি পাস করেছে। এছাড়া আরও কয়েকটি সূচকেও ছাত্রদের চেয়ে ছাত্রীরা ভালো ফলাফল করেছে।

এর আগে, সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এরপর বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

এবছর ১৭ থেকে ২৪ নভেম্বর অনুষ্ঠিত প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় দেশব্যাপী ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী অংশ নেয়। একই সময় অনুষ্ঠিত জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেয় ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি