সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৬ বলে ৬ ছক্কা মেরে রেকর্ড বইয়ে লিও কার্টার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০১.২০২০

ডেস্ক রিপোর্টঃ

নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে ওভারে ৬ বলে ৬ ছক্কা মেরে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন ২৫ বছর বয়সী বাঁ হাতি ব্যাটসম্যান লিও কার্টার। ক্যান্টারবুরি কিংস ও নর্দার্ন নাইটসের মধ্যকার ম্যাচে কার্টার এই কীর্তি গড়েন।

প্রথমে ব্যাট করতে নেমে টম সেইফার্ট আর ডিন ব্রাউনলির ব্যাটে চড়ে ২০ ওভার ব্যাট করে ২১৯ রান তোলে নাইটস। পরে ব্যাট করতে নেমে দলকে হারের হাত থেকে রক্ষা করেন লিও কার্টার। ম্যাচের শেষ পাঁচ ওভারে ক্যান্টারবুরি কিংসের জয়ের জন্য দরকার ছিল ৩০ বলে ৬৪ রান।

১৬তম ওভারে বোলিংয়ে আসেন আন্তন দেভচিচ। সিডনি থান্ডার্স ও লাহোর কালান্দার্সের মতো দলে খেলে এই বাঁহাতি স্পিনারকে ডিপ স্কয়ার লেগ, ডিপ মিড উইকেট, ডিপ মিড উইকেট, ডিপ স্কয়ার লেগ, লং অন ও ডিপ স্কয়ার লেগ দিয়ে উড়িয়ে সীমানা ছাড়া করেন কার্টার। ওভারের শুরুতে যেখানে তার সংগ্রহ ছিলো ১২ বলে ১১, সেখানে তার ব্যক্তিগত সংগ্রহ গিয়ে পৌঁছায় ১৮ বলে ৪৭ রানে। জয়ের সমীকরণও নেমে আসে ২৪ বলে ২৬ রানে। বাকি ম্যাচ শেষ করতে কার্টারের মোটেই বেগ পেতে হয়নি, ৭ বল হাতে রেখেই ম্যাচ জিতে যায় তারা।

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ওভারে ৬ ছক্কার চতুর্থ নজির এটি। ২০ ওভারের ক্রিকেটে প্রথম এই কীর্তি উপহার দিয়েছিলেন যুবরাজ সিং। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটির পথে ভারতীয় ব্যাটসম্যান স্টুয়ার্ট ব্রডকে উড়িয়েছিলেন ৬ ছক্কায়।

এরপর ২০১৭ সালে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে ইয়র্কশায়ারের কার্ল কার্ভারের বাঁহাতি স্পিনে উস্টারশায়ারের রস হোয়াইটলি দেখান একই ঝলক। ২০১৮ সালে আফগানিস্তানের টি-টোয়েন্টি টুর্নামেন্টে আরেক বাঁহাতি স্পিনার আব্দুল্লাহ মাজারাইকে একই তেতো স্বাদ উপহার দেন হজরতউল্লাহ জাজাই।

স্বীকৃত ক্রিকেটে ওভারে টানা ৬ বলে ৬ ছক্কার ঘটনা আছে আর মোটে তিনটি। সবচেয়ে বিখ্যাতটি নিঃসন্দেহে স্যার গ্যারি সোবার্সের। ১৯৬৮ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপে নটিংহ্যামশায়ারের হয়ে ইতিহাস গড়েছিলেন সর্বকালের সেরা অলরাউন্ডার বলে বিবেচিত সোবার্স। গ্ল্যামরগনের বাঁহাতি স্পিনার ম্যালকম ন্যাশকে উড়িয়েছিলেন মাঠের নানা প্রান্তে।

১৯৮৫ সালে সোবার্সের পাশে নাম লেখান রবি শাস্ত্রী। মুম্বাইয়ের হয়ে বরোদার বিপক্ষে গড়েন ৬ ছক্কার কীর্তি। শিকার এবারও এক বাঁহাতি স্পিনার, বরোদার তিলক রাজ। প্রথম শ্রেণির ক্রিকেটে ওভারে ৬ ছক্কার ঘটনা এই দুটিই।

আন্তর্জাতিক ওয়ানডেতে ওক ওভারে ৬ ছক্কার প্রথম ও এখনও পর্যন্ত একমাত্র কীর্তিটি গড়েন হার্শেল গিবস। ২০০৭ বিশ্বকাপে নেদারল্যান্ডসের পার্ট টাইম লেগ স্পিনার ড্যান ফন বাঙ্গের ওভারে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান মেরেছিলেন ৬ ছক্কা।

টানা ৬ বলে ছক্কা না হলেও এক ওভারে ৬ ছক্কার আরেকটি নজির আছে লিস্ট ‘এ’ ক্রিকেটে। সেটিও নিউজিল্যান্ডে, ২০১৮ সালের নভেম্বরে। ঘরোয়া একদিনের ম্যাচের প্রতিযোগিতায় সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের মিডিয়াম পেসার উইলেম লুডিকের ওভারে ৬টি ছক্কা মেরেছিলেন নর্দান ডিস্ট্রিক্টসের জো কার্টার ও ব্রেট হ্যাম্পটন মিলে। তবে সেই ওভার শুরু হয়েছিল চার রান দিয়ে, মাঝে একটি সিঙ্গেলও ছিল। নো বল ছিল দুটি, সেই দুটিতে হয় ছক্কা। এক ওভার থেকে এসেছিল বিশ্বরেকর্ড ৪৩ রান!



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি