শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » পিলখানা হত্যাকাণ্ড: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ


পিলখানা হত্যাকাণ্ড: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০১.২০২০

ডেস্ক রিপোর্টঃ

পিলখানা হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। বুধবার সংশ্লিষ্ট কোর্টের বিচারপতিদের স্বাক্ষরের পর রায়টি প্রকাশিত হয়।

এর আগে, রায়ে স্বাক্ষর করেন বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ হাইকোর্ট বেঞ্চ। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।

২০১৭ সালের ২৬শে ও ২৭শে নভেম্বর টানা দুই দিনে পিলখানা হত্যাকাণ্ডের মামলায় রায় ঘোষণা করে হাইকোর্ট। সেই রায়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ড প্রাপ্ত ১৫২ আসামির মধ্যে ১৩৯ জনের ফাঁসির রায় বহাল থাকে। একইসঙ্গে আট জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন ও চার জনকে খালাস দেওয়া হয়।

অন্যদিকে, এ মামলার অন্যতম আসামি বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টু হাইকোর্টের বিচার চলাকালে মারা যান। এদিকে, বিচারিক আদালতে যাবজ্জীবন পাওয়া ১৬০ জন আসামির মধ্যে ১৪৬ জনের সাজা বহাল রাখে হাইকোর্ট। এদের মধ্যে দুই জন আসামির মৃত্যু এবং ১২ জনকে খালাস দেয়া হয়।

এর আগে, ২০০৯ সালে রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দফতরে হত্যাকাণ্ড সংঘটিত হয়। ওই ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ প্রাণ হারান মোট ৭৪ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি