ডেস্ক রিপোর্টঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ছয়টার দিকে উপজেলার দইখাওয়া সীমান্তের ৬০৭ নম্বর প্রধান স্তম্ভের চার নম্বর উপ স্তম্ভে একই নামের নিহত দুজনের লাশ পাওয়া যায়।
লালমনিরহাট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত দুজন হলেন হাতীবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের আমঝোল গ্রামের ওসমান আলীর ছেলে সুরুজ মিয়া (১৮) ও একই ইউনিয়নের শাজাহান আলীর ছেলে সুরুজ মিয়া (৩২)। বিজিবির ধারণা, গরু চোরাচালান করতে গিয়ে ওই ২জন বিএসএফের গুলিতে নিহত হন।
বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল আলম বলেন, বাংলাদেশের অভ্যন্তরে ৫০ গজের মধ্যে দুই বাংলাদেশিকে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার পাগলামারি বিএসএফ ক্যাম্পের সদস্যরা সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে গুলি করে হত্যা করেছে। বিজিবির সদস্যরা গুলির শব্দ শুনেছেন। ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে ওই সীমান্তে বিজিবি এবং বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক হয়। এতে বিজিবির পক্ষে বক্তব্য উপস্থাপন করা হয়। বিজিবি ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশ দুটো হাতীবান্ধা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।


















































