ডেস্ক রিপোর্টঃ
কক্সবাজারের টেকনাফে পুলিশ ও র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৭ রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে।
সোমবার ভোর রাতে মোছনি রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকটি অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে টেকনাফ থানা পুলিশ।
নিহতরা সবাই রোহিঙ্গা সন্ত্রাসী জাকির বাহিনীর সদস্য বলে জানা গেছে। তবে নিহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারে নি আইনশ্ংখলা বাহিনীর সদস্যরা। লাশ উদ্ধার এবং পরিচয় শনাক্তের কাজ শেষ হলে বিস্তারিত প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তারা।
এদিকে টেকনাফে বিজিবি সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত আরও এক মাদক কারবারী নিহত হয়েছেন। এ সময় বিজিবির ৩ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরে টেকনাফের জাদিমোড়া খাল সংলগ্ন এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ বিজিবির কমান্ডার লে. কর্নেল মো. ফয়সল হাসান খান।
তিনি জানান, সোমবার রাতের প্রথম প্রহরে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের নয়াপাড়া বিওপির বিশেষ টহল দল মাদকের চালান আসার সংবাদ পেয়ে জাদিমোরা খাল সংলগ্ন পয়েন্টে অবস্থান নেয়। কিছুক্ষণ পর মাদকের চালান নিয়ে নৌকাযোগে কয়েকজন ব্যক্তি কিনারায় উঠে পালিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে মাদক কারবারীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে বিজিবির ৩ সদস্য আহত হন। পরে বিজিবিও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল তল্লাশি করে দেড়লাখ ইয়াবা, ১টি দেশীয় অস্ত্র ও ২ রাউন্ড তাঁজা কার্তুজসহ গুলিবিদ্ধ অজ্ঞাত এক ব্যক্তি ও আহত সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেয়া হয়। আহত বিজিবি সদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গুলিবিদ্ধ মাদক কারবারীকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।























































