ডেস্ক রিপোর্টঃ
স্বাস্থ্যের জন্য উপকারী বলে সূর্যমূখী তেলের চাহিদা বেশী । তাই জমিতে ভালো ফলনে সূর্যমূখীর সাথে হাসি ফুটেছে ব্রাহ্মনবাড়ীয়ার কৃষকদের মুখেও।
সরেজমিনে রবিবার ব্রাহ্মনবাড়ীয়ার জেলার কসবা উপজেলার আকছিনা গ্রামে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে ধানী জমিতে চাষ করা হচ্ছে সূর্যমূখী ফুল। এসব ফুল দেখতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভীড় করে থাকে হাজারো দর্শনার্থী। আর দর্শনার্থীরা যেন ফুল নষ্ট না করতে পারে সে জন্য পালা করে পাহারা দেন ফুল চাষীর স্বজনরা।
জানা যায়, এ বছর ব্রাহ্মনবাড়ীয়া জেলায় ৩০০ বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে চাষ করা হয়েছে সূর্যমূখী ফুলের। এসব ফুল থেকে তৈরী তেল দিয়ে স্থানীয় চাহিদা পূরণ করে প্বার্শবর্তী জেলা সদরে সরবরাহ করা যাবে। গুনে মানে অন্যান্য সূর্যমূখীর তেল তৈরী নিয়ে ব্যস্ত সময় পার করছেন ব্রাহ্মনবাড়ীয়ার কৃষকরা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সূর্যমূখী তেলে কলোস্টেরল কম থাকে। তাই অন্যান্য তেলের তুলনায় সূর্যমূখী তেল অনেক বেশী স্বাস্থ্য সম্মত।
সালদানদী কসবা সড়কের পাশেই আকছিনা গ্রামে ১ বিঘা জমিতে সূর্যমূখী ফুলের চাষ করা হয়েছে। এই ফুল চাষ করার জন্য চারজন কৃষককে ব্রাহ্মনবাড়ীয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহযোগীতা করেন।
এছাড়াও পশ্চিম আকছিনায় ১৫০ শতক জমিতে সূর্যমূখী ফুল চাষ করেছেন ছোটন মিয়া। ওই ১০৫ শতক জমিতে এখন ফুলে ফুলে হলুদ হয়ে আছে। ছোটন মিয়া জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় তিনি এ বছর পরীক্ষামূলকভাবে সূর্যমূখী ফুলের চাষ করেছেন। চারা রোপনের তিন মাস পার হয়েছে। আর এক মাস পরে এসব ফুল থেকে তেল তৈরী করা শুরু হবে। কৃষক ছোট মিয়া জানান, ১শ ৫ শতক জমিতে ফুল চাষে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। সবকিছু ঠিক থাকলে খরচ বাদে তার মুনাফা হবে অন্তত দেড় লাখ টাকা ।
ব্রাহ্মনবাড়ীয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রবিউল হক মজুমদার বলেন, আমাদের ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিভিন্ন উপজেলায় এ বছর পরীক্ষামূলকভাবে ৩০০ বিঘা জমিতে সূর্যমূখীর আবাদ করা হয়েছে। ৩০০ জন কৃষককে সার,বীজ ও নগদ অর্থ সহযোগীতার মাধ্যমে সূর্যমূখী চাষে উদ্বুদ্ধ করেছি। আবহাওয়া অনুকুল থাকলে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। এতে করে কৃষকরা লাভবান হবে, ভোজ্য তেলের চাহিদাও পূরণ হবে।
সূত্রঃ আমাদের সময় .কম।


















































