শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সিলেট জেলাকে লক ডাউন ঘোষণা


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৪.২০২০


ডেস্ক রিপোর্টঃ

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট জেলা প্রশাসন। শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সিলেটকে লক ডাউন ঘোষণা করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে সিলেট জেলাকে লক ডাউন ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) কাজী এম. এমদাদুল ইসলাম বলেন, জেলার মানুষদের করোনার হাত থেকে রক্ষা করতেই পুরো সিলেট জেলাকে লক ডাউন ঘোষণা করা হয়েছে। সিলট থেকে কেউ অন্য জেলায় যেতে পারবেন না এবং অন্য জেলা থেকে কেউ সিলেটে প্রবেশ করতে পারবেন না। একই সঙ্গে জেলার এক উপজেলা থেকে আরেক উপজেলায়ও যাতায়াত করা যাবে না।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত সিলেট জেলা কমিটির সদস্যদের মতামতের আলোকে প্রাণঘাতী কোভিড-১৯ এর সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় সিলেট জেলাকে লক ডাউন ঘোষণা করা হয়েছে।

এতে আরও বলা হয়, জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষেধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক ও নৌপথে অন্য জেলা থেকে কেউ সিলেট জেলায় প্রবেশ করতে কিংবা জেলা থেকে অন্য জেলায় গমন করতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্ত-উপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই ধরনের নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ লক ডাউনের আওতামুক্ত থাকবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ আজ থেকে কার্যকর হবে। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি