মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় শতাধিক রিকসাচালক-প্রতিবন্ধিকে খাদ্য উপহার দিলেন সেনাবাহিনী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৪.২০২০

ইমতিয়াজ আহমেদ জিতু :

কুমিল্লা নগরীতে শতাধিক রিকসাচালক-পঙ্গু ও দিনমজুরকে খাদ্য-সবজি ও ইফতার সামগ্রী দিলেন বাংলাদেশ সেনাবাহিনী,কুমিল্লা এরিয়া।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে কুমিল্লা নগরীর ঈদগাহ মোড়ে এসব অসহায় মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ভয়াবহ করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে কুমিল্লা জেলায় লকডাউন নিশ্চিতের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকার দিনমজুর-কর্মহীন অসহায় মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য-ইফতারসামগ্রী ও আবার কাউকে নগদ অর্থ পৌছে দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা এরিয়া। এরই ধারাবাহিকতায় আজও রাস্তায় বের হওয়া অসহায় এসব মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন সেনাবাহিনী।

উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল ১০ কেজি, আলু ৫ কেজি, আটা ২ কেজি, ডাল ২ কেজি, তৈল ১ কেজি, লবন ১ কেজি, ছোলা ১ কেচি, চিরা এক কেজি, সাবান ২ টি, খেজুর আধা কেজি ও পেয়াজ ১ কেজি। এছাড়া লাউ, টমেটো, লেবু, লাল শাক, মিস্টি কুমড়াসহ বিভিন্ন সবজি প্রদান করা হয়।

রিকসাচালক মমতাজ মিয়া (৬২) জানান, অসুস্থ্য শরীর নিয়ে বাড়ি থেকে বের হইছি। ঘরে চাল নেই। ৭ জনের সংসার। আজ সেনাবাহিনী আমাকে অনেক খাদ্য দিছে । আশা করি ৭/৮ দিন বাড়িতে বসে খেতে পারমো।

দিনমজুর রহমান মিয়া (৫৮) জানান, আমার পুরো শরীরে চামড়ায় ক্ষত হয়ে গেছে। গত তিন মাস ধরে কোন কাজ করতে পারি না। ৫ জনের সংসার। সেনাবাহিনীর দেয়া খাবারে হয়তো কিছুদিন বাসায় বসে দুমুঠো ভাত খাইতে পারমো।

কুমিল্লা সেনানিবাসের ৩১ বীরের কমান্ডিং অফিসার লে. কর্ণেল মাহাবুব আলম জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে ঘরে থাকার বিকল্প নেই। আমরা চেষ্টা করছি অসহায় নিম্ন, মধ্যবিত্ত শ্রেণিকে ঘরে রাখতে। খোঁজ নিয়ে নিয়ে তাদের ঘরে উপহার হিসেবে খাদ্য-ইফতার-সবজি পৌছে দিচ্ছি। এরপরেও অনেকে রাস্তায় বের হচ্ছেন । আজও অনেক রিকসা চালক, দিনমজুর, পঙ্গু, গৃহপরিচারিকাকে আমরা খাদ্য দিয়ে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছি। সবাইকে সচেতন হতে হবে। দয়া করে সবাই ঘরে থাকুন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাসের ৩১ বীরের কমান্ডিং অফিসার লে. কর্ণেল মাহাবুব আলম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহফুজা মতিন, সেনানিবাসের ক্যাপ্টেন সাইফ ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি