বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা মেডিকেল কলেজে করোনার ডেমো পরীক্ষা শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৪.২০২০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আজ সোমবার (২৭ এপ্রিল) করোনা পরীক্ষার মেশিন (পিসিআর মেশিন) উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে স্বাস্থ্যকর্মীদের প্রাথমিক প্রশিক্ষনও সম্পন্ন হয়েছে।

সোমবার সাড়ে ১২ টায় কোভিড-১৯ করোনা ভাইরাস শনাক্তের পিসিআর মেশিন উদ্বোধন করেছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার ৷

এমপি বাহার বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মিটিংয়ে বসে করোনায় পরীক্ষা ও চিকিৎসায় যারা দায়িত্ব পালন করবে তাদের নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করা হবে । কিছু দিনের মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা হাসপাতালে রুপান্তর করা হবে ।

জানা যায়, গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার করোনা পরীক্ষার (পিসিআর ল্যাব) মেশিনটি কুমিল্লা মেডিকেল কলেজে আসে। গত কয়েকদিনে কলেজের মাইকোবায়োলজি বিভাগে স্থাপন করা হয় মেশিনটি। পিসিআর মেশিনের উপর (করোনা পরীক্ষার মেশিন) রবিবার (২৬ এপ্রিল) বিস্তারিত প্রশিক্ষন দেওয়া হয়েছে। উক্ত প্রশিক্ষন কর্মশালায় ১৮ জন স্বাস্থ্য কর্মী অংশগ্রহন করেন। এদের মধ্যে ৭ জন টেকনোলজিস্ট ও ১১ জন ডাক্তার ছিলেন। মেশিনটি পরিচালনার জন্য স্বাস্থ্য কর্মীদের মেশিন অপারেট করাসহ যাবতীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

কুমিল্লা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. কান্তি প্রিয় দাশ জানান, করোনা পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বর্তমানে ডেমো পরীক্ষা করা হবে। নমুনা সংগ্রহ হলে আমরা ২৯ এপ্রিল থেকে পরীক্ষা করতে পারবো।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল ফজল মীর ও জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল আজাদ, কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার মুজিবুর রহমান, কুমিল্লা স্বাচিপের সভাপতি ডা. আব্দুল বাকি আনিস। কুমিল্লা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাক্তার আতাউর রহমান জসিম, কুমিল্লার সাধারণ সম্পাদক মোরশেদুল আলমসহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অন্যান্য ডাক্তারসহ কর্মকর্তাবৃন্দ৷



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি