স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলার তিন উপজেলায় করোনা উপসর্গ নিয়ে কলেজ ছাত্রী, মাষ্টারসহ ৩ জনের মৃত্যুহয়েছে।
কুমিল্লার বরুড়ার ভবানীপুর ইউনিয়নের এগারগ্রামের মাস্টার গিয়াস উদ্দিন (৬০) দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শনিবার রাতে তাঁর শরীরের প্রচন্ড জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কুমিল্লা মুন হসপিটালে ইন্তেকাল করেন। বরুড়ায় এ প্রথম কেউ প্রচন্ড জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর পরিবারে গত মাসে জসিম উদ্দিন নামের এক কাতার প্রবাসীর অবস্থানের হিস্ট্রি পাওয়া গেছে।
চান্দিনা উপজেলায় করোনাভাইরাস আক্রান্তের উপসর্গ নিয়ে এক কলেজ ছাত্রী (১৭) মারা গেছেন। শনিবার বিকেলে চান্দিনা উপজেলার ভোমরকান্দি গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু ঘটে। রাতে সতর্কতার সাথে তিনজন লোক পিপিই পরে ছাত্রীর দাফন কাজ সম্পন্ন করেন। স্থানীয় মসজিদের ঈমামসহ পরিবারের ৩/৪ জন অংশ নেন জানাজায়। চাচা মাইজখার ইউনিয়ন পরিষদের মেম্বার সফিকুর রহমান জানান, কলেজছাত্রী দুই-তিন সপ্তাহ ধরে জ্বর ও কাশিতে ভূগছিলেন। বাড়িতে চিকিৎসায় শারীরিক অবস্থার উন্নতি না হলে গত সপ্তাহে রামমোহন বাজারে ডাক্তার দেখান। তারপরও জ্বর কমেনি, শুরু হয় শ্বাসকষ্ট। সূত্র জানায়, বরুড়া উপজেলার খোসবাস কলেজের একাদশ শ্রেণীর এ ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে শুক্রবার যোগাযোগ করা হয় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে। তিনি মোবাইল ফোনেই পরামর্শ দেন একটি ইঞ্জেকশন দিতে। শনিবার সকালে তিনি ছাত্রীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। এদিকে স্বাস্থ্য কর্মকর্তার পরামর্শে ছাত্রীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে ভর্তি রাখা হয়নি। শুধু তার নমুনা সংগ্রহ করে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। বাড়িতে পৌছার একঘন্টার মধ্যেই মারা যান কলেজছাত্রী।
এদিকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় এবার ২৬ বছর বয়সী এক নারীর করোনা শনাক্ত হয়েছে। ওই নারীর বাড়ি উপজেলার বাইশগাঁও ইউনিয়নের ইউসুফ পুর গ্রামে। মনোহরগঞ্জে এই নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৪ জনে দাঁড়িয়েছে। শনিবার বিকেল ৩টায় মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সোহেল রানা ওই নারীর করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৩০ এপ্রিল ওই নারীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হলে শনিবার রিপোর্টে করোনা পজিটিভ আসে। ফলে মনোহরগঞ্জে এ নিয়ে ৪ জনের করোনা শনাক্ত হলো। মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী জানান, আক্রান্ত ওই নারীকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এ ছাড়া ওই পরিবারের আরো ৬-৭ জনের নমুনা সংগ্রহ করে শনিবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল (কুমেক) ল্যাবে পাঠানো হয়েছে। আক্রান্ত ওই নারী সপ্তাহখানেক আগে ঢাকা থেকে বাড়ি আসেন।


















































