সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় একদিনেই করোনায় ৭ জন ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৬.২০২০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় একদিনেই করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের। এছাড়া করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে একদিনেই জেলাজুড়ে ৮ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন ) মধ্য রাত থেকে শনিবার (৬ জুন) রাত পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন ফারুক (৩৫), কুমিল্লার বরুড়া উপজেলার মিন্টু ধর (৮৫), লক্ষ্মীপুরের রামনগর-জাফরগঞ্জ এলাকার সহিদুল্লাহ (৭৫)। তারা তিনজন কুমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এছাড়া ঢাকার গ্রীণ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা নগরীর ‘আফতাব ব্রাদার্স’ এর স্বত্বাধিকারী নাসিম উদ্দিন আহমেদ দোলন মারা গেছেন । ঢাকায় করোনা আক্রান্ত হয়ে ধানমন্ডীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লার ইলিয়টগঞ্জের খন্দকার লুৎফুননাহার (৪৭)। ঢাকার গ্রীণলাইফ হাসপাতালে মারা গেছেন চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরিফুর রহমানের মা আফিয়া খাতুন (৫৫),ঢাকা হেল্থ এন্ড হোপ ক্লিনিকে কুমিল্লা বিএমএ র সাবেক ইসি সদস্য ও ঢাকা মেডিকেল কলেজের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা এবিএম খুরশীদ আলমের পিতা বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তণ অধ্যক্ষ মমিনুল হক ।

করোনা উপসর্গ নিয়ে লাকসামে ২ জন, কুমিল্লা নগরীতে ২ জন, দেবিদ্বার, বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় একজন করে মোট ৮ জন  মারা যান ।

শনিবার ভোররাতে করোনা উপসর্গ নিয়ে মারা যান নগরীর ৬ নং ওয়ার্ডের শুভপুর এলাকার বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী আলহাজ্ব আবুল কাশেম ।

শহরের ধর্মপুরের মিনাবাজার গলির মুক্তাঙ্গণ বাড়ির আলি মিয়া পাটোয়ারি করোনা উপসর্গ নিয়ে মারা যান। জানা যায়, সারারাত তার মরদেহ বাড়ির সামনের রাস্তায় পড়ে ছিল। সকালে তার মরদেহ দাফন করা হয়।

লাকসামের করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোঃ আবল বাশার ওরফে বাদশা (৪৮) ও মোঃ ইকরামুল ইসলাম (৪৪) নামে দুই ব্যক্তি। তাদের মধ্যে বাদশা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পুলিশের সাব ইন্সপেক্টর ইকরামুল কর্মস্থল চট্টগ্রামের সীতাকুন্ডের বাসায় ইন্তেকাল করেন।

দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নে হাফেজ আবুল বাশার, বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের ধনু মিয়া এবং ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য আমীর হোসেন সরকার করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। ছাত্রলীগ নেতা আমির হোসেন কুমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সন্দেহভাজন করোনা রোগী আবদুর রশিদ (৭০) মারা গেছেন। এছাড়া তিনি বুড়িচং উপজেলার নিমসারের বাসিন্দা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি