স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় নিম্নমানের নকল মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজারের ছড়াছড়ি এবং স্বাস্থ্যবিধি অমান্য ও অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগে তিন দিনে ৭৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন দিনে ৮টি দোকানকে ৭৩ হাজার টাকা ও ৪টি সিএনজি চালককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। নকল মাস্ক,স্যানিটাইজারের এবং স্বাস্থ্যবিধি অমান্য ও অতিরিক্ত যাত্রী পরিবহনের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা।
বৃহস্পতিবার (১১ জুন) কুমিল্লার আলেখারচর এলাকায় মেডিসিন কমপ্লেক্সে নিম্নমানের মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজার অবাধে বিক্রি করায় মুন সার্জিক্যালকে ও হাসান মেডিকেলকে ৫ হাজার টাকা এবং আরও ৩টি দোকানকে ১০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয় ও ৫টি মামলা দায়ের করা হয়।
শুক্রবার (১২ জুন) শহরের রেইসকোর্স ও শাসনগাছা এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ভূইয়া ফার্মেসী প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা, মা সার্জিক্যাল স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় ও ২টি মামলা দায়ের করা হয়।
শনিবার (১৩ জুন) কুমিল্লা সদরে স্বাস্থ্যবিধি অমান্য ও অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগে ৪ জন সিএনজি চালক এবং অতিরিক্ত মূল্য রাখায় শাসনগাছায় একটি ফার্মেসিকে অর্থ জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আরা জানান, সদরের পালপাড়া ব্রিজ ও শাসনগাছা বাস স্ট্যান্ড এলাকায় অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য ৪ টি সিএনজি চালককে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৪টি মামলা দায়ের করা হয়।
অপর একটি অভিযানে শাসনগাছা এলাকায় ১৩০ টাকার হেক্সিসল ২৬০ টাকায় বিক্রি করার অপরাধে জলিল ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও বর্ণিত স্থানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং মাস্ক পরিধান করার জন্য সকলকে সতর্ক করা হয়।


















































