শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় হিন্দু ব্যক্তির সৎকারে আসেনি পরিবার, দায়িত্ব নিলেন মুসলিমরা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৬.২০২০

স্টাফ রিপোর্টার:

করোনায় মৃত্যু হলে বা উপসর্গ নিয়ে মারা গেলে মরদেহ দাফন করতেও অপারগতা প্রকাশ করছে মৃত ব্যক্তির আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশিরা। এমন চিত্র এখন হর হামেশাই হচ্ছে।

কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামের প্রদীপ চন্দ্র সূত্রধরের ক্ষেত্রেও এরকমটাই হয়েছে। বিগত ৮ থেকে ১০ দিন ধরে জ্বরে ভূগছিলেন তিনি। পরে গত শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় তীব্র শ্বাসকষ্ট অনুভব করলে পরিবারের লোকজন তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নিয়ে যাওয়ার পূর্বেই নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর শুনে পূজা উদ্যাপন পরিষদের লোকজন, পুরোহিত ও সনাতন ধর্মালম্বী আত্মীয়-স্বজন সকলেই মরদেহ সমাহিত করতে প্রথমে আশ্বাস দিলেও, পরে অপারগতা প্রকাশ করেন।

শুক্রবার দিবাগত রাত পেরিয়ে পরদিন শনিবার সকালেও মৃতের মরদেহ সমাহিত না হওয়ায় দুশ্চিন্তায় পরে যায় পরিবারের লোকজন। ঠিক সেই সময় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হরুন এফসিএ’র নির্দেশনায় গঠিত উপজেলা যুবলীগের মরদেহ দাফন কমিটির সদস্যদের অবহিত করেন উপজেলা প্রশাসন। বিষয়টি অবহিত হওয়ার সাথে সাথে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ রুহুল আমিনের নেতৃত্বে কমিটির সকল সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে শনিবার বেলা ১০টার দিকে মৃত প্রদীপ চন্দ্র সূত্রধরের মরদেহ তার পারিবারিক শ্মশানে সমাহিত করেন যুবলীগের সদস্যরা।

প্রদীপ চন্দ্র সূত্রধর (৪৫) উপজেলার যাত্রপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের মৃত সুবাস চন্দ্র সূত্রধরের ছেলে ও উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের ইউপি সচিব।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ বলেন,  উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করায় প্রদীপ চন্দ্র সূত্রধর করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়ার জন্য তার নমুনা সংগ্রহ করে কুমিল্লায় পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি