স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলার হোমনায় উপজেলায় নিখোঁজের ১২ দিন পর মাটির নীচ থেকে ফয়সাল (১৮) নামের এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় উপজেলার দুলালপুর আমিরুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন চারতলা ভবনের নীচ তলার একটি কক্ষের মাটির নীচ থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।
ফয়সাল দুলালপুর ইউনিয়নের রাজানগর গ্রামের মুকবল মিয়ার ছেলে। এ ঘটনায় বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. জসিম মিয়াসহ ২জনকে আটক করা হয়েছে ।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কায়েস আখন্দ জানান, গত ৫জুন ফয়সাল নিখোঁজ হওয়ার পর তার বাবা থানায় একটি জিডি করে। জিডির সূত্র ধরেই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে গোয়েন্দা পুলিশের সহযোগিতায় একই গ্রামের ফুল মিয়ার ছেলে শামীমকে ঢাকা থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে হত্যার কথা স্বীকার করে। তার দেয়া তথ্যমতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, প্রেম ঘটিত কারণে পুর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে হত্যা করা হয়েছে বলে শামীম পুলিশের নিকট স্বীকার করেছে।
মরদেহ উদ্ধারের সময় সহকারী পুলিশ সুপার (হোমনা সার্কেল) মো.ফজলুল করিম ও সহকারী পুলিশ পরিদর্শক (ডিবি) পরিমল চন্দ্র দাস (পিপিএম) সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।


















































