মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে উড়িয়ে সেমিতে লিওঁ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৮.২০২০

স্পোর্টস ডেস্ক:

পিএসজি, লাইপজিগ ও বায়ার্ন মিউনিখ আগেই উঠেছে। এবার ম্যানচেস্টার সিটিকে হারিয়ে শেষ দল হিসেবে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠল লিওঁ। এর আগে রোনালদোদের জুভেন্টাসকে বিদায় করে শেষ ষোলোর টিকেট পেয়েছিল ফরাসি ক্লাবটি।

শনিবার (১৫ আগষ্ট) রাতে লিসবনে অনুষ্ঠিত ম্যাচটিতে ম্যানসিটিকে ৩-১ গোলে হারিয়েছে লিওঁ। দলের পক্ষে জোড়া গোল করেছেন মুসা দেম্বেলে। বাকি গোলটি করেন ম্যাক্সওয়েল কর্নেট। আর সিটির পক্ষে একমাত্র গোলটি করেন কেভিন ডি ব্রুইন।

গতকাল ম্যাচের শুরুটা ভালোই করে ম্যানসিটি। কিন্তু কিছুক্ষণ পর গুছিয়ে নিয়ে ঘুরে দাঁড়ায় লিওঁ। আক্রমণ-পাল্টা আক্রমণে ২৪ মিনিটে গোলের দেখা পেয়ে যায় লিওঁ। মাঝমাঠে বল পেয়ে দারুণ ক্ষিপ্রতায় এগিয়ে যান কার্ল তোকো একাম্বি। তাঁকে রুখতে অনেকখানি এগিয়ে আসেন গোলরক্ষক এদেরসন। এই ফাঁকে সুযোগ পেয়ে ২০ গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন কর্নেট।

এরপর দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ম্যানচেস্টার সিটি। ৬৯ মিনিটে সমতা টানেন ডি ব্রুইন। পাঁচ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পান স্টার্লিং। কিন্তু সতীর্থের বাড়ানো বলে শট করতে গিয়ে পা লাগাতে পারেননি ইংলিশ তারকা।

পাল্টা আক্রমণে ৭৯ মিনিটে আবারো এগিয়ে যায় লিওঁ। আক্রমণে উঠে বেশ দূর থেকে নিচু শট নেন দেম্বেলে। অনেকটা এগিয়ে আসা এদেরসনের পায়ে লেগে বল ঠিকানা খুঁজে নেয়।

৮৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে লিওঁর জয় নিশ্চিত করেন দেম্বেলে। সেই সঙ্গে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিশ্চিত হয় ম্যানচেস্টার সিটির।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি