ডেস্ক রিপোর্ট:
কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কিনা সে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে ২৫ আগস্ট পর্যন্ত। সোমবার শিক্ষা সচিব মাহবুব হোসেন সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।
সচিব বলেন, কোনো বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় নি। সিদ্ধান্ত হলেই সবাইকে জানান হবে। এছাড়া, উচ্চ মাধ্যমিক এবং জেএসসি-জেডিসি পরীক্ষার বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সচিব।
এইচএসসি পরীক্ষার বিষয়ে তিনি বলেন, আমরা যখনই পরীক্ষা নেবো, তা প্রকাশ্যে ঘোষণা করবো। অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির অ্যাপ্রোভাল এবং অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির দ্বারাই ঘোষণা করবো।
এইচএসসি পরীক্ষার মত স্পর্শকাতার বিষয়ে বিভ্রান্তি ছড়িয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎকন্ঠা না ছড়াতে অনুরোধ জানান শিক্ষাসচিব।
সচিব বলেন, আমাদের তরফ থেকে সব সময় আমরা পরীক্ষা নেয়ার জন্য প্রস্তুত। বিশেষ প্রস্তুতি নিয়ে রেখেছি স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রয়োজনে সেন্টার সংখ্যা বাড়িয়ে যাতে পরীক্ষা নেওয়া যায়।
এরআগে, ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।


























































