শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এমপির বিরুদ্ধে মানববন্ধনে হামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৮.২০২০

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বাঁশখালী আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে এক মানববন্ধন কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এতে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ ১৪-১৫ জন আহত হয়েছে। সোমবার দুপুর ১২টায় হামলার এই ঘটনা ঘটে।

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের ব্যক্তিগত সচিব তাজুল ইসলাম ও বাঁশখালীর পৌর মেয়র শেখ সেলিমুল হক এ সময় সেখানে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সদস্য সরওয়ার আলম মণি।

তিনি জানান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর ও জেলা শাখা যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে। তারা সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের নির্দেশে এই হামলা করেছেন বলে অভিযোগ করেন এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান সরওয়ার আলম মণি।

তিনি বলেন, বাঁশখালীতে প্রয়াত মুক্তিযোদ্ধা আলী আশরাফকে রাষ্ট্রীয় সম্মাননায় ছাড়াই দাফন এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে এমপি মোস্তাফিজুর রহমানের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ।
সভাপতিত্ব করেন সন্তান কমান্ডের চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক সাহেদ মুরাদ সাকু।

মানববন্ধন শুরুর একঘণ্টা পর ২৫-৩০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে এমপি মোস্তাফিজুর রহমানের নামে স্লোগান দিতে দিতে অতর্কিতে আমাদের ওপর হামলা করে। তারা মাইক ভেঙে ফেলে। লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এতে মুক্তিযোদ্ধা, সন্তান কমান্ডের সদস্য, সাংবাদিকসহ অন্তঃত ১৫ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ, আবুল হাশেম, আবু তাহের, আজিমুল ইসলাম ভেদু ও আব্দুর রাজ্জাক, বাঁশখালীর প্রয়াত মুক্তিযোদ্ধা আলী আশরাফের ছেলে জহির উদ্দিন বাবর ও জয়নাল আবেদীন, সাহেদ মুরাদ সাকু, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ ও চ্যানেল আইয়ের ক্যামেরাপারসন মো. নবাব আছেন। বাবর ও নবাবের মাথা ফেটে গেছে।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ঘটনার সময় ৩-৪জন পুলিশ ছিল। মারামারির খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। দু‘জনকে আটক করা হয়। তবে হামলার বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেব।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সংক্ষিপ্ত আকারে সমাবেশ করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। এতে মুক্তিযোদ্ধা সংসদের মহানগরের কমান্ডার মোজাফফর আহমেদ, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ স¤পাদক নুরুল আজিম রনি, সন্তান কমান্ডের চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক সাহেদ মুরাদ সাকু বক্তব্য রাখেন। সেখান থেকে হামলার প্রতিবাদে মঙ্গলবার সকালে প্রেসক্লাবের সামনে আবারও সমাবেশর ডাক দেওয়া হয়। এরপর হামলার প্রতিবাদে তারা মিছিল বের করে।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য এমপি মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও সাড়া মেলেনি। তার ব্যক্তিগত সচিব তাজুল ইসলামের মোবাইলও বন্ধ পাওয়া যায়। তবে বাঁশখালী পৌর মেয়র শেখ সেলিমুল হক বলেন, আমরা মারামারি করতে যাইনি। আমরা তাদের কাছে সত্য কথা বলতে গিয়েছিলাম। আমরা হামলা করিনি। তারাই আমাদের ওপর হামলা করেছে। আমাকে কিল-ঘুষি দিয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা মুক্তিযোদ্ধা আলী আশরাফ গত ২৬ জুলাই মারা যান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার প্রতিবাদ করতে গিয়ে প্রাণ দেওয়া মৌলভী সৈয়দের ভাই। আলী আশরাফের মারা যাবার পর তাকে রাষ্ট্রীয় সম্মাননা ছাড়াই দাফন করার অভিযোগ আছে। এছাড়া মুক্তিযোদ্ধা আলী আশরাফকে নিয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বিতর্কিত মন্তব্য করেছেন বলেও অভিযোগ তুলেন মুক্তিযোদ্ধারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি