ডেস্ক রিপোর্ট:
বার্সেলোনা সভাপতি হোসে মারিয়া বার্তেম্যুর সঙ্গে আজ ক্লাবটির হেড কোয়ার্টারে বৈঠকে বসেছেন মেসির বাবা এবং তার এজেন্ট হোর্হে মেসি। বার্সেলোনার সভাপতির সঙ্গে বৈঠকে বসেই প্রথমে তিনি মেসির বার্সা ছেড়ে ম্যানসিটিতে যোগ দেয়ার প্রস্তাব দিয়েছেন।
এর কারণ হিসেবে বার্সা সভাপতির কাছে হোর্হে মেসি ব্যাখ্যা দেন, ‘ন্যু ক্যাম্পে মেসির থাকা কঠিন (ডিফিকাল্ট) হয়ে দাঁড়িয়েছে। কোনোভাবেই আর তার পক্ষে বার্সায় থাকা সহজ হচ্ছে না।’
ম্যানসিটি কোচ পেপ গার্দিওলার সঙ্গে বৈঠক সম্পর্কে হোর্হে মেসি বলেন, ‘গার্দিওলার সঙ্গে আমার কোনো বৈঠক হয়নি। কথাও হয়নি, যা কথা হয়েছে সিটির সঙ্গে।’
ম্যানসিটির সাত হাজার কোটি টাকার প্রস্তাবে রাজি মেসি!
বার্সেলোনা ছেড়ে যে মেসি ম্যানসিটিতেই যেতে চান, এটা আগে থেকেই জানা গিয়েছিল। নতুন খবর হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানসিটির ৭০০ মিলিয়ন ইউরোর (সাত হাজার কোটি টাকা) প্রস্তাবে সম্মত হয়েছেন মেসি। ব্রিটিশ পত্রিকা ডেইলি রেকর্ড এ খবরের সত্যতা দাবি করছে।
ম্যানসিটির সঙ্গে মোট পাঁচ বছরের চুক্তি করছেন মেসি। চুক্তিটা হচ্ছে মূলত সিটি ফুটবল গ্রুপের সঙ্গে। এই গ্রুপই ম্যানসিটির মালিকানায় রয়েছে। আবার একই গ্রুপের আরেকটি ক্লাব রয়েছে যুক্তরাষ্ট্রের এমএলএস লিগে নিউ ইয়র্ক সিটি নামে। পাঁচ বছরের মধ্যে মেসি তিন বছর খেলবেন ম্যানসিটিতে। পরের দুই বছর খেলবেন নিউ ইয়র্ক সিটিতে।

























































