ডেস্ক রিপোর্ট:
সাভারের আশুলিয়ায় সাত বছরের এক শিশুকে পায়ে শিকল পরিয়ে তালা লাগিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে তার সৎ মা ও বাবার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসী দ্রুত শিশুটিকে উদ্ধার করতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। শিমুলিয়া ইউনিয়নের জিরানী টেংগুরি এলাকার জনৈক রিন্টু মিয়ার শ্রমিক কলোনীতে ঘটেছে অমানবিক এ ঘটনা।
নির্যাতিত শিশুটি বরিশাল জেলার মঠবাড়িয়া থানার পাতা কাটা গ্রামের হানিফের ছেলে। তার বাবা রাজমিস্ত্রীর কাজ করে।
এলাকাবাসী জানায়, গত কয়েক মাস ধরে নিজের ভাড়া ঘরের একটি রুমে সাত বছরের শিশু মানিককে অমানবিকভাবে পায়ে শিকল ও তালা লাগিয়ে নির্যাতন করছে তার সৎ মা ও বাবা। নির্যাতনের বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণে বাঁচতে দেওয়া হবে না জানালে শিশুটি নির্যাতনের বিষয়ে এতদিন কাউকে জানায়নি।
আজ মঙ্গলবার সকালে ওই শিশুকে পায়ে তালা ও শিকল দিয়ে বেধে নির্যাতনের ঘটনাটি প্রতিবেশীরা এলাকাবাসীকে জানালে তারা বিষয়টি মুঠোফোনে সাংবাদিকদের জানায়। পরে সেখানে গিয়ে তারা শিশু নির্যাতনের বিষয়টি দেখতে পায়।
এ সময় নির্যাতিতা শিশুটি বলে, ‘আমার বাবা ও সৎ মা আমাকে সবসময় শিকল দিয়ে বেঁধে রাখে। আমাকে ঝুলিয়ে মাথা নিচের দিকে দিয়ে বাঁশ ও ঝাড়ু দিয়ে পেটায়। রেগে গলা চেপে ধরে। আমি কান্নাকাটি করলে লোহার শিকল দিয়ে তালা দিয়ে আমার হাত ও পা বাঁধে। তারপর সৎ মা বাবা ও বোন মিলে মারধর করে।’
কান্নাকাটি করলে তারা তাকে হত্যার ভয় দেখায় বলেও জানায় শিশুটি। এ সময় বন্দীদশা থেকে উদ্ধার করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানায় সাংবাদিকরা।
এদিকে, শিশুটিকে শিকল দিয়ে বেঁধে রাখায় এলাকাবাসী তার সৎ মা ও বাবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এ বিষয়ে শিশুটির বাবা ও সৎ মা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি।
এ ঘটনায় শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম সুরুজ বলেন, ‘আমি শিশু নির্যাতনের বিষয়টি শুনে ওই বাড়িতে গিয়ে পুলিশ প্রশাসনকে খবর দিচ্ছি যাতে নির্যাতিত শিশুটিকে উদ্ধার করা হয়।’


















































