ডেস্ক রিপোর্ট:
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভাজনা বাহাদারপুর গ্রামে মায়ের আত্মহত্যার ১৫ দিনের ব্যবধানে ছেলে ডালিম ব্যাপারি (২৩) আত্মহত্যা করেছেন। ডালিম ওই গ্রামের শান্তি রঞ্জন ব্যাপারির ছেলে। গত বছর এইচএসসি পাশ করেন। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
আগৈলঝাড়া থানার ওসি আফজাল হোসেন জানান, শনিবার সকালে একটি গাব গাছে ডালিমের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। থানা থেকে ফোর্স পাঠিয়ে মরদেহটি উদ্ধার করে নিয়ে আসা হয়। তবে কি কারণে ডালিম আত্মহত্যা করেছে তা পরিবার থেকে কিছুই জানাতে পারেনি। ওসি আরও জানান, এর আগেও কয়েকবার ডালিম আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয় চৌকিদার মিজানুর রহমান জানান, ১৫ দিন আগে ডালিমের মা সুস্মিতা ওরফে রেখা ব্যাপারি পারিবারিক কলহের জের ধরে কীটনাশক পান করে আত্মহত্যা করেন। মায়ের বিষ পানের খবর পেয়ে ওই দিন ডালিম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালালে স্থানীয়রা রশি কেটে তাকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় ডালিমের মাকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মায়ের বিষ পানের দিনসহ এর আগেও তিন বার ডালিম আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
ওসি জানান, চলতি বছরের সাড়ে ৮ মাসে উপজেলার বিভিন্ন স্থান থেকে ২৮টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যার অধিকাংশ ঘটনায় প্রাথমিকভাবে আত্মহত্যার মামলা করা হয়। আত্মহত্যাপ্রবণ এলাকা হিসেবে উপজেলার বাগধা ইউনিয়নের অবস্থান উপরে। এখনও বেশ কয়েকটি ময়নাতদন্ত রিপোর্ট হাতে না পাওয়ায় কোনটি হত্যা আর কোনটি আত্মহত্যা তা সুরাহা করতে পারছে না পুলিশ।
প্রসঙ্গত, ১০ সেপ্টেম্বর আগৈলঝাড়া উপজেলার খাজুরিয়া ইউনিয়নের পূর্ব বাগধা গ্রামে কলেজ ছাত্রী পুতুল বৈরাগীর (১৮) এবং ৯ সেপ্টেম্বর উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের নিজ ঘর থেকে তৃতীয় শ্রেণির ছাত্রী জাহান নোহার (৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ৬ সেপ্টেম্বর উপজেলার সীমান্তবর্তী কুড়ালিয়া গ্রামে বিষপান করে আত্মহত্যা করে এসএসসি পাশ করা পিপাসা মণ্ডল (১৬)।
























































