শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » শিক্ষা ঋণ চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি: শিক্ষামন্ত্রী


শিক্ষা ঋণ চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি: শিক্ষামন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৯.২০২০

ডেস্ক রিপোর্ট:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, শিক্ষার্থীদের সহজে পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য সরকার ঋণ দেয়ার কথা ভাবছে। সংসদে এই ঋণের বিষয়ে বলার পর প্রধানমন্ত্রী মাথা নেড়ে সম্মতি জানিয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) উদ্যোগে ‘করোনাকালে ই-লার্নিং’ শীর্ষক অনলাইন আলোচনায় তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমি সংসদে বলেছি- শিক্ষার্থীদের সহজে শিক্ষা চালিয়ে নিতে শিক্ষা ঋণ দেয়া যেতে পারে। এ সময় প্রধানমন্ত্রী মাথা নেড়ে সম্মতি জানিয়েছেন। আমরা এখন থেকে শিক্ষা ঋণ দেয়ার কথা ভাবছি।

তিনি বলেন, কীভাবে শিক্ষার্থীদের সক্ষম করে তুলব সেটি নিয়ে ভাবছি। যেখানে যতটুকু প্রয়োজন সেটা যেন তারা (শিক্ষার্থী) মেটাতে পারেন। এসব বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। কোনোভাবেই যেন শিক্ষার্থীরা বৈষম্যের শিকার না হয়, সেটি নিশ্চিত করব।

‘ই লার্নিং’ আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ‘ইউনিভার্সিটি অব সারে’এর প্রো-ভিসি অধ্যাপক ওসামা খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিসিসিআই সভাপতি শামস মাহমুদ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর রশিদ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. কারম্যান জেড লামাংনা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. মুরাদ হোসেন মোল্লা, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমদ, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইশতিয়াক আজিম প্রমুখ আলোচনায় অংশ নেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি