শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জন্মদিনে শেখ হাসিনাকে টেলিফোন করতে পারেন মোদী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৯.২০২০


ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনের খবর নতুন নয়। দুই দেশের গত এক দশকের উষ্ণ সম্পর্কে হঠাৎ করেই শীতল বাতাস বইছে। এই পরিস্থিতি কেন, কীভাবে সৃষ্টি হলো- তা নিয়ে অনেক কথা বার্তাও হচ্ছে কূটনীতিক মহলে। কিন্তু সম্পর্কের অবনতিকে আর বাড়তে দিতে চায় না ভারত। ভারতের ভেতরই মোদী সরকারের বাংলাদেশ নীতি নিয়ে সমালোচনা হচ্ছে।

আর এই সমালোচনার মধ্যেই, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। গত শুক্রবার মোদী বাংলাদেশ ইস্যু নিয়ে পররাষ্ট্রমন্ত্রী জয়শংকরের সঙ্গে কথা বলেছেন। ভারতের কূটনীতিক সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, মোদী বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি চান না। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে অস্বস্তিও দূর করতে চান বলেই জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যেকোনো সময়ে নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে টেলিফোন করতে পারেন। ভারতীয় দূতাবাসের একটি সূত্র বলছে, আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। দুই দেশের সম্পর্কের অস্থিরতা কমাতে, ঐ দিনই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফোন করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী।

অবশ্য এর আগে আগামীকাল (রোববার) ভারতের বিদায়ী হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাসের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। এটা হবে প্রধানমন্ত্রীর সঙ্গে রিভার বিদায়ী সাক্ষাৎ। তবে ভারতীয় দূতাবাস সূত্রে জানা গেছে, রিভা গাঙ্গুলীর সঙ্গে বৈঠক নয়, ভারতীয় দূতাবাস এখন ব্যস্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর একটি টেলিআলাপ নিয়ে। কূটনীতিকরা বলছেন, এই আলাপ বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, গত এক দশকে বাংলাদেশ-ভারত সম্পর্ক এক নতুন মাত্রা পেয়েছে। এই সময়ে দুই দেশের মধ্যে অমীমাংসিত অনেকগুলো বিষয় নিষ্পত্তি হয়েছে। বিশেষ করে ছিট মহল বিনিময়, সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি এবং বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিন্ন অবস্থান ছিল দু’দেশের সম্পর্কের মাইলফলক।

কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনীতিতে ও বাণিজ্যে চীনের প্রভাব বৃদ্ধি ভারতের মধ্যে অস্থিরতা তৈরি করে। মেগা প্রকল্পগুলোর কাজ এক চেটিয়া চীনা কোম্পানি পাওয়ায় ভারত ‘অসন্তুষ্ট’ এ রকম খরব এখন কূটনীতিক অঙ্গনে সার্বক্ষণিক আলোচনার বিষয়।

এছাড়াও তিস্তা নদীর পাশে চীনা অর্থায়নে জলাধার নির্মাণের বিষয়েও ভারতের আপত্তি রয়েছে। এরকম পরিস্তিতিতে, গত আগস্ট ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা আকস্মিক সফরে ঢাকায় আসেন। কিন্তু এই সফরের পরপরই বিনা নোটিশে পিয়াজ রপ্তানি বন্ধ করে ভারত বাংলাদেশকে বড় ধাক্কা দেয়। এই প্রেক্ষাপটে দুই নেতার টেলিআলাপ সম্পর্কে এক নতুন মেরুকরণ সৃষ্টি করতে পারে বলে আশাবাদী কূটনীতিকরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি