স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার লাকসামে পুত্রবধূর অপমান সইতে না পেরে বিষপান করে শাশুড়ি আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের নৈরপাড় গ্রামে ঘটনাটি ঘটে। নিহত শাশুড়ি সাজেদা বেগম (৫৬) ওই গ্রামের প্রবাসী দুলালের স্ত্রী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সাজেদার পূত্রবধু সালমা আক্তার তার ছেলেকে শুক্রবার রাতে মারধর করে। এতে শাশুড়ি সাজেদা বেগম বাধা দেয়। বিষয়টি নিয়ে পুত্রবধূর সাথে শাশুড়ির ঝগড়া বাঁধে। শাশুড়ি সাজেদা বেগম অপমান সহ্য করতে না পেরে ঘরে গিয়ে অভিমানে কীটনাশক ওষুধ (বিষ) পান করে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।


















































