ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লার রিকশাচালক শফিক শিকদার ওরফে মাইকেল শফিকের জীবনের গল্প।
বলা হয় শখের তোলা আশি টাকা। মানুষের সামাজিক বা আর্থিক অবস্থার ওপর তার শখ নির্ভর করে না। আবার পেশা বিবেচনায় নিয়েও কোনো ব্যক্তির শখ বিচার করা যায় না। এমনই একজন মাইকেল শফিক। তার আসল নাম শফিক শিকদার; তবে সবাই ডাকে মাইকেল শফিক বা শফিক মামা। পেশায় রিকশাচালক শফিকের দেখা মেলে কুমিল্লা শহরের কান্দিরপাড় এলাকায়। তার শখের অনুষঙ্গ পোশাক। প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসন যে ধরনের পোশাক পরতেন তেমন পোশাকই পছন্দ শফিকের। তার রয়েছে বাহারি গেঞ্জি, রং-বেরংয়ের প্যান্ট, জুতা, চশমা ও ঘড়ি। এসব পরেই প্রতিদিন রিকশা চালান তিনি। রিকশা চালাতে চালাতে গাইতে থাকেন গান, আবার যাত্রীদের শোনান নানা কৌতুক। এসব কারণে তার রিকশায় যাত্রীও থাকে সবসময়। তার বৈচিত্র্যময় পোশাক আকৃষ্ট করে সাধারণ মানুষকে। কেউ কেউ শখ করে ওঠেন তার রিকশায়। অনেকে রিকশায় উঠে তোলেন ছবি। কুমিল্লা শহরের বিভিন্ন জায়গা থেকেও মানুষ আসে তার রিকশায় চড়তে। অনেক যাত্রী খুশি হয়ে ভাড়ার সঙ্গে বখশিশও দেন। সব মিলিয়ে দৈনিক আয় ভালো হয়।
মাইকেল শফিকের জীবনের গল্প:
রাজধানী ঢাকা থেকে তিনি কুমিল্লা শহরে আসেন ১৯৯৬ সালে। ১৯৯৭ সালে শুরু করেন ভাঙা মালপত্রের ব্যবসা। প্রথমদিকে ব্যবসা ভালোই চলছিল। তবে একপর্যায়ে ক্ষতির সম্মুখীন হন। এরপর এই ব্যবসা পরিবর্তন করে শুরু করেন হোটেল ব্যবসা। অনেকদিন পর এতেও লোকসান গোনেন তিনি। পরে শুরু করেন রিকশা চালানো। পাঁচ বছর ধরে রিকশা চালাচ্ছেন শফিক। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তার পরিবার। বড় ছেলেকে লেখাপড়া করাতে পারেননি। তবে ছোট ছেলে রকিব পড়ছে নবম শ্রেণিতে, আর মেয়ে ফারজানা দ্বিতীয় শ্রেণির ছাত্রী। এখন পরিবার নিয়ে ভালোই আছেন তিনি।
বাহারি পোশাকের বিষয়ে শফিক জানান, বর্তমানে তার জুতা আছে ২১ জোড়া, টুপি আছে সাতটি, ঘড়ি আছে ২৪টি, আর প্যান্ট-গেঞ্জি রয়েছে ১৫ সেট। এসব পোশাক কেনার কারণে পরিবারে আর্থিক সংকট হয় না বলে তিনি জানান, সাধ্যের মধ্যেই তিনি এসব কিনে থাকেন। তার আয়ের ৬০ শতাংশ খরচ করেন পরিবারের জন্য। বাকি ৪০ শতাংশ নিজের জন্য রাখেন। এসব পোশাক-আশাক তার মন ভালো রাখে। মানসিকভাবে সবসময় ফুরফুরে মেজাজে থাকেন। কাজে আসে গতি। আনন্দ নিয়ে রিকশা চালান তিনি।
শফিকের এই শখের কারণে পরিবারের সদস্যদের ওপর প্রভাব:
তার স্ত্রী ফাতেমা বেগম বলেন, ‘এটা আমার স্বামীর শখ। তিনি এসব পোশাক পরে আনন্দ পান। আমরা সবকিছু ঠিকভাবে পেলেই খুশি।’
শফিকের ছেলে রকিব বলে, কিছু কিছু মানুষ বলে- ‘তোমার বাবা রিকশা চালিয়ে আবার এত জামাকাপড় পরে কীভাবে?’ এসব কথা শুনে মন খারাপ হয়। তবে বাবা আমাদের সবকিছু দেন। কোনো কিছুর অভাব রাখেন না।


















































