মঙ্গলবার,১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আগামীকাল থেকে সিলেট-লন্ডন রুটে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১০.২০২০

ডেস্ক রিপোর্টঃ

সিলেট-লন্ডন-সিলেট রুটে আগামীকাল রোববার থেকে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এরপর ২৫ অক্টোবরের পর থেকে সপ্তাহে প্রতি বুধবার নিয়মিত সিলেট থেকে সরাসরি লন্ডন ফ্লাইট চলবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট জেলা ব্যবস্থাপক এম ডি শাহ নেওয়াজ মজুমদার এই তথ্য নিশ্চিত করেন। তিনি আরো বলেন, ‘আগামীকাল রোববার বেলা সোয়া ১১টায় বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটটি সিলেট থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবে। দীর্ঘ প্রায় নয় বছর পর সিলেট-লন্ডন রুটে সরাসরি বিমানের ফ্লাইট চালু হবে।‘

২০১১ সালে এ রুটে সরাসরি ফ্লাইট চালুর কিছুদিন পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় সেটি আবার বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে সিলেট বিমানবন্দরে রিফুয়েলিং স্টেশন স্থাপনসহ আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর জন্য এ বিমানবন্দরকে প্রস্তুত করা হচ্ছে।

বর্তমানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুই হাজর ১১৬ কোটি টাকা ব্যয়ে প্রথম পর্বের রানওয়ে সম্প্রসারণসহ একটি মেগা প্রকল্পের কাজ শুরু হয়েছে। ২০২২ সালের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালুর জন্য সিলেটবাসীর দাবি দীর্ঘদিনের। এটা বাস্তবায়নের মাধ্যমে সিলেটবাসীর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেকটি প্রতিশ্রুতির বাস্তবায়ন হতে যাচ্ছে।

বিমানের সিলেট-লন্ডন রুটে ফ্লাইট চালু উপলক্ষে আগামীকাল সকাল ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এতে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ ছাড়া এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়কমন্ত্রী ইমরান আহমদ, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান ও বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি