ডেস্ক রিপোর্টঃ
কক্সবাজার সদরের ঈদগাঁও-ঈদগড়-বাইশারি সড়কের হিমছড়ি ঢালায় সশস্ত্র ডাকাতের গুলিতে বাবার সামনেই এক শিক্ষার্থী খুন হয়েছে।
কক্সবাজার সদর উপজেলায় ডাকাতের গুলিতে আঞ্চলিক গানের জনপ্রিয় কিশোর শিল্পী জনি দে নিহত হয়েছে। উপজেলার ঈদগাঁও পাত্তারা এলাকায় ঈদগাঁও-ঈদগড় সড়কে আজ বৃহস্পতিবার ( ৮ অক্টোবর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জনি দে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের চরপাড়া (নতুনপাড়া) এলাকার তপন দের ছেলে। সে এইচএসসি পরীক্ষার্থী ছিল।
জনি দের এলাকা ঈদগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলমগীর জানান, সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়ন থেকে রামু উপজেলার ঈদগড়ে আসার পথে গুলিতে মৃত্যু হয় জনি দের।
এরই মধ্যে কক্সবাজার সদর সার্কেলের নতুন সহকারী পুলিশ সুপারসহ (এএসপি) ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, বুধবার ( ৮ অক্টোবর) রাতে একটি অনুষ্ঠানে গান পরিবেশনের পর আজ সকালে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিল জনি। পথে সদর উপজেলার ঈদগাঁও পাত্তারা এলাকায় ডাকাতরা ওই অটোরিকশা থামানোর চেষ্টা করে। তবে চালক দ্রুতবেগে অটোরিকশা চালালে ডাকাতদল গুলি ছোড়ে। এতে জনি দে গুলিবিদ্ধ হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঈদগাঁও এলাকার একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে জনি দের মৃত্যুর খবরে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


















































