শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গ্রাম্য সালিশে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১০.২০২০

ডেস্ক রিপোর্ট:

টাঙ্গাইলের বাসাইলে গ্রাম্য সালিশে আব্দুল লতিফ খান (৬৬) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মটরা গ্রামে ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে মুক্তিযোদ্ধা লতিফ খানের সঙ্গে প্রতিবেশী আবু খান ও তার ছেলে পাভেল ও পারভেজের দুটি পুকুরের মাছ নিয়ে বিরোধ চলে আসছিল।

এ বিষয়ে মীমাংসার জন্য স্থানীয় ইউপি সদস্য শাহজাহান খানের বাড়ির উঠানে শুক্রবার বিকেলে এক গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। সালিশের এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে আবু খান, পাভেল ও পারভেজসহ কয়েক জন যুবক লতিফ খানকে পিটিয়ে আহত করেন। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

হাবলা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য শাহজাহান খান বলেন, দুই পক্ষকে নিয়ে সালিশে বসা হয়। এক পর্যায়ে দুই পক্ষই ক্ষিপ্ত হয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় দুই পক্ষেরই কয়েক জন আহত হয়। মুক্তিযোদ্ধা লতিফ খানকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। ঘটনাটি অত্যন্ত দুঃখ জনক।

এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, মুক্তিযোদ্ধার মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি