শুক্রবার,১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় গণপরিবহনে মানছেনা স্বাস্থ্যবিধি, মাস্ক ব্যবহারে যাত্রীরা উদাসীন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০২০

স্টাফ রিপোর্টার:

করোনার প্রথম দিকে মানুষ অনেক সচেতন ছিল। দিন দিন করোনার প্রকোপ বাড়ছে কিন্তু এই নিয়ে কুমিল্লাবাসীর কোনও মাথা ব্যাথা নেই।

আসছে শীতে করোনার ঢেউ বা দ্বিতীয় প্রকোপ বাড়ার আশংকা থাকলেও এই নিয়ে কুমিল্লাবাসীর যেন কোনও চিন্তা নেই। বাস টার্মিনাল কিংবা রেলস্টেশন থেকে গণপরিবহন, কোথাও স্বাস্থ্যবিধির বালাই নেই। কিছু দিন আগেও এসব জায়গায় যেটুকু নিয়ম পালন করা হতো, সেইটুকুও এখন উধাও। চালক, হেলপার, সুপারভাইজার, যাত্রী-সবাই মাস্ক ছাড়াই চড়ছেন বাসে।

এছাড়া কুমিল্লা নগরীতে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ সব ধরনের গণপরিবহনে বিন্দুমাত্র স্বাস্থ্যবিধি মানছেন না যাত্রীরা। দুই জনের সিটে গাদাগাদি করে বসছেন ৪-৫ জন।

চলমান করোনা মহামারিতে কুমিল্লাসহ সারা দেশের গণপরিবহনই এখন পুরোপুরি স্বাভাবিক। তবে বলা হয়েছে স্বাস্থ্য মেনে যাত্রী পরিবহন এবং মাস্ক ব্যবহারের কথাও। কিন্তু যাত্রীবাহী বাসসহ কুমিল্লার গণপরিবহনগুলোতে চালক, হেলপার ও যাত্রীরা মাস্ক ছাড়াই গণপরিবহনে উঠছেন। রবিবার (১ নভেম্বর) কুমিল্লার শাসনগাছা, জাঙ্গালিয়া বাস টার্মিনাল এবং নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় এইসব দৃশ্য দেখা যায়।

কুমিল্লার রেলওয়ে স্টেশনেও দেখা যায় স্বাস্থ্যবিধি মানা এবং মাস্ক ব্যবহারে যাত্রীরা উদাসীন। সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছেন। নেই কোনও সতর্কতা। এই অবস্থা কুমিল্লার বিশেষজ্ঞরা আশংকা করছেন আগামীতে দ্বিতীয় দফা আবারও যদি করোনা আঘাত হানে তাহলে কুমিল্লাও ব্যাপক স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে।

কুমিল্লার সিএনজি চালিত অটোরিকশার পেছনের সিটে গাদাগাদি করে পরিবারের ৫ সদস্যকে নিয়ে উঠতে দেখা যায়। কারও মুখে মাস্ক নেই। স্বাস্থ্যবিধি মানা হয়না। জানতে চাইলে তিনি বলে, বাচ্চাদের মাস্ক ভুলবশত বাসায় রেখে এসেছেন। নিজের মাস্ক আছে, তবে পকেটে।

শাসনগাছা বাস স্ট্যান্ডগুলোতে গিয়ে দেখা যায় স্বাস্থ্যবিধির কোনও বালাই নেই। নেই সামাজিক দূরত্ব এবং মাস্কের ব্যবহার। দেশে যে করোনার প্রকোপ রয়েছে, সেটা এখনকার মানুষ যেন ভুলেই গেছে। পরিবহনে স্বাস্থ্যবিধি নেই। শতকরা ৮৫ ভাগ যাত্রীর মুখে নেই মাস্ক।

শাসনগাছা থেকে ঢাকাগামী পরিহনের যাত্রীদের দেখা যায়  মুখে মাস্ক নেই। আশপাশের সিটে বসা সব যাত্রীর একই অবস্থা। ওই বাসের যাত্রীদের মধ্যে শতকরা ৫-৭ জনের মুখে মাস্ক দেখা গেছে।

কুমিল্লা কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আশিকুর রহমান ভূঁইয়া জানান, করোনার প্রথম দিকে মানুষ অনেক সচেতন ছিল। এখন তারা মনে করছে করোনা শেষে, পরিবেশ স্বাভাবিক হয়েছে। কিন্তু করোনা এখনও যায়নি। এই মহামারি দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে।

নগরীর জাঙ্গারিয়া বাস টার্মিনালেও একই দশা। এখানকার উপকূল বাসের টিকেট কাউন্টারের ম্যানেজারের মুখে মাস্ক নেই। স্বাভাবিক অবস্থার মতো যাত্রীদের সঙ্গে লেনদেন করছেন।

আরেক বাস কাউন্টারের ম্যানেজার, বয়স ৬৫ বছরের ঊর্ধ্বে। তার মুখেও মাস্ক নেই। তিনি বলেন, করোনায় আমরা আক্রান্ত হবো না, আক্রান্ত হবে বড় লোকেরা। আমরা তো শ্রমিক, আমরা রোদে পুড়তে পারি, আবার বৃষ্টিতে ভিজতেও পারি। আমাদের শরীরে এই রোগ আসবে না।

এদিকে করোনা মহামারি সময়ে গণপরিবহন সীমিত পরিসরে খুলে দেওয়ার পর কুমিল্লার শাসনগাছা, চকবাজার, পদুয়ার বাজার বিশ্বরোড এবং জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডগুলোতে কিছুদিন আগেও যাত্রী উঠানোর সময় ছিটানো হতো জীবানুনাশক। স্প্রে করা হতো পুরো গাড়ি এবং সিটে। কিন্তু এখন তাও হচ্ছে না।

কুমিল্লার বাস মালিক সমিতির নেতারা বলছেন, করোনার প্রকোপ আবারও বাড়তে শুরু করলে সরকারের সব নির্দেশনা মেনে রাস্তায় নামবে গণপরিবহন। কোনও বাস মালিক না শুনলে প্রশাসনকে বলবো তাদের ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে। আমরা আমাদের পক্ষ থেকে সব প্রস্তুতি গ্রহণ করবো।

মাস্ক ব্যবহার নিশ্চিতের বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, যানবাহন এবং গণপরিবহনে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে আমাদের সব ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে। সামনে করোনা প্রকোপ বাড়তে পারে সেই নির্দেশনা পেয়ে কার্যক্রমে আরও জোর দেওয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি