ডেস্ক রিপোর্ট:
দিনাজপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলা তুলে না নেওয়ায় এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ও চুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত ওই গৃহবধূকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সদর উপজেলার ২নং ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। দুপুর থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিজ বাড়ির সামনে তাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছেন ওই গৃহবধূ।
নির্যাতনের শিকার গৃহবধূর স্বামী জানান, তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইটভাটায় কাজ করেন। দীর্ঘদিন ধরে এলাকার লাবু ভূঁইয়া, আশরাফ আলীসহ কয়েকজন তার স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু তাতে রাজি না হওয়ায় গত মার্চ মাসে পুলিশের সোর্স পরিচয় দেওয়া লাবু ভূঁঁইয়া বাড়িতে ঢুকে তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। পরে ওই গৃহবধূ বাদী হয়ে লাবুকে আসামি করে আদালতে মামলা করেন। মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। মামলার পর থেকেই তা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিল অভিযুক্তরা। কিন্তু মামলা তুলে না নেওয়ায় মঙ্গলবার দুপুরে গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। এ সময় তার চুল কেটে দেয় নির্যাতনকারীরা।
প্রতিবেশী রাবেয়া খাতুন ও হেলাল উদ্দিন জানান, স্বামী বাড়িতে না থাকায় লাবু ভূঁইয়া ওই গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে লাবু পালিয়ে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ বলেন, মঙ্গলবার বিকেল ৩টায় লাবু ভূঁইয়া, তার সহযোগী মধু ভূঁইয়া, আশরাফ আলী, জাহিদুল ইসলাম, হযরত আলী, মোবারক হোসেন, মোজাম্মেল হোসেন, মোশাররফ হোসেন ও তুষার হোসেন আমার ঘরে ঢুকে আবারও মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। আমি এর প্রতিবাদ করলে তারা আমাকে বাড়ির সামনের গাছের সঙ্গে বেঁধে মারধর করে। এক পর্যায়ে তারা আমার মাথার চুল কেটে দেয়। প্রতিবেশীরা তখন কোতোয়ালি থানায় খবর দিলে এএসআই সাব্বির ঘটনাস্থলে এসে আমাকে মুক্ত করেন।
দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক মাহবুবুর রহমান সরকার জানান, এখন পর্যন্ত নির্যাতিত নারীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


















































